গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন, সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশ, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার এবং স্থিতিশীল অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী ত্বোহা বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচন। এর মাধ্যমে সকল শিক্ষার্থীর সার্বজনীন প্রতিনিধি নির্বাচন সম্ভব। নির্বাচিত প্রতিনিধিরা তখন সকল শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধ থাকবেন। ক্যাম্পাস স্থিতিশীল রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে ছাত্র সংসদ অত্যন্ত জরুরি।’
কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম মাধ্যম। সংসদ থাকলে প্রশাসনের কাছে ছাত্রদের কথা বলার মঞ্চ তৈরি হবে। পাশাপাশি সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হবে। না হলে ক্ষমতাসীন দলের একক আধিপত্য বেড়ে যায়। এতে যেমন শিক্ষার্থীরা অধিকার হারাচ্ছে, তেমনি দেশও যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্না জয় বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় ক্লাসরুমের সংকট, হলের আসন, ল্যাব সুবিধা ও টিউশন ফি সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি নেই। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের মাধ্যমই হলো ছাত্র সংসদ। আমরা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ দাবি জানাচ্ছি।’
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিক তানজিল জিহান বলেন, ‘ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এখান থেকে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বিকশিত হয়। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা জরুরি।’
শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন শুধু সময়ের দাবি নয়, বরং দেশের গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় সুষ্ঠু নেতৃত্ব গঠনের অপরিহার্য শর্ত। তাই দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments