ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে

প্রকাশ : 11 Sep 2026
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে

স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে।


আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


সম্পর্কিত খবর

;