অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

প্রকাশ : 24 Aug 2026
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।


ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে ঢাকা ট্রিবিউন ও ভিউজ বাংলাদেশ জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার নতুন 'সুপার উইন্ডো'র সুযোগ নিয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।


তৃতীয় ম্যাচটি অক্টোবরের শুরুতে আয়োজনের জন্য আলোচনা চলছিল। এই তালিকায় ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকেও ব্রাজিলকে আনার জন্য যোগাযোগ করা হয়েছিল বলে জানা গেছে। শুরুতে সিবিএফ চারটি ম্যাচ খেলার কথা ভাবলেও দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত তিনটি ম্যাচে সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেয়। ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুর পরিকল্পনা থেকে বাদ পড়ে।


বর্তমানে ভারতের কলকাতা এগিয়ে রয়েছে। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৩ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে সিবিএফের। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন কলকাতায় ব্রাজিল সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমর্থন সিবিএফের নজরে আসার পরই কলকাতা ভেন্যুটি গুরুত্ব পায়।


যদি ম্যাচটি চূড়ান্ত হয়, তবে ভারতের মাটিতে প্রথমবার খেলতে নামবে ব্রাজিল জাতীয় দল। সেক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, ব্রুনো গিমারায়েস, ম্যাথিউস কুনহাদের মতো তারকাদের দেখার সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা। কলকাতার ফুটবল ইতিহাসে এটি হবে আরেকটি স্মরণীয় মুহূর্ত। এর আগে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। পরে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিও কলকাতা সফর করেছেন।


এদিকে ভারত এই প্রীতি ম্যাচকে গুরুত্ব দিয়ে ফিফা আসিয়ান কাপ থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তাদের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা।


তবে এখন পর্যন্ত সিবিএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।


সম্পর্কিত খবর

;