আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

প্রকাশ : 25 Nov 2026
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

স্টাফ রিপোর্টার: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কয়েক দিন ধরে তিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বলে নানা আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় তার নাম জায়গা পায়নি। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠেয় মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম নেই বলে ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে। 


একই তালিকায় নেই বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানও। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ। 


মোস্তাফিজকে ঘিরে বছরের শুরুতে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। গত আসরের নিলাম থেকে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। 


মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশের দাবি ছিল ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার, শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি। যার ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে অবনতি ঘটে। 


এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট এক হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা। 


তবে প্রাথমিক তালিকায় নাম থাকলেই চূড়ান্ত নিলামে ওঠা নিশ্চিত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে আগামী ১ ডিসেম্বরের মধ্যে। প্রাথমিক তালিকায় না থাকা কাউকে অন্তর্ভুক্ত করতে চাইলে সেই নামও রাখা যাবে সেখানে। সেটির ভিত্তিতে তালিকাটি ছোট করা হবে। আর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা এবং খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। 



সম্পর্কিত খবর

;