আজ থেকে ইসির সংলাপ শুরু, বসছে না জামায়াত

প্রকাশ : 29 Nov 2026
আজ থেকে ইসির সংলাপ শুরু, বসছে না জামায়াত

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সংলাপ চলবে। সংলাপে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি দলকে দুজন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। 


মূলত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা চাইতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনের মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোর মতামত ও সহযোগিতাই কমিশনের মূল লক্ষ্য। ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার নির্দলীয়ভাবে হবে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে। 


প্রথম দিনের তালিকায় প্রথমে বিএনপি ও জামায়াতসহ ১৯টি দল ছিল। পরে বিএনপির অনুরোধে দলটির সংলাপ এক দিন পিছিয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে জামায়াতের বিষয়টি পুরোপুরি বর্জন নয়। জামায়াত মৌখিকভাবে ইসিকে জানিয়েছে, তারা ১১-দলীয় জোট হিসেবে একসঙ্গে বসতে চায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি কমিশনে পৌঁছায়নি। জামায়াতের সহকারী মহাসচিব আহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রথম দিনের তালিকায় থাকা জোটের সদস্যরা সেদিন অংশ নেবে না, পরে সবাই মিলে একসঙ্গে বসবে। জোটের জন্য আলাদা স্লট চেয়ে ইসিকে অনুরোধ করা হয়েছে। 


জোটের সদস্যদের মধ্যে তিনটি দল রোববার, তিনটি সোমবার এবং এনসিপিসহ পাঁচটি দল মঙ্গলবারের তালিকায় রয়েছে। জোট না এলে রোববার ১৫টি দল সংলাপে অংশ নেবে বলে ইসি জানিয়েছে। এদিকে এনসিপি জোট হিসেবে নয়, ১ ডিসেম্বর আলাদাভাবে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দল স্বতন্ত্রভাবে অংশ নেবে, তাই ইসির সংলাপেও আলাদাভাবে নিজেদের অবস্থান তুলে ধরা উচিত। অন্যদিকে ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, আলাদাভাবে নয়, জোট হিসেবে একসঙ্গে বসলে সংলাপ আরও অর্থবহ হবে। 


সম্পর্কিত খবর

;