জাতিসংঘের সভাপতির লিগ্যাল অফিসার হলেন জাইমা

প্রকাশ : 24 Sep 2026
জাতিসংঘের সভাপতির লিগ্যাল অফিসার হলেন জাইমা

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।


জাতিসংঘ কর্মকর্তাদের বরাত দিয়ে দেশীয় গণমাধ্যম জানিয়েছে, লিগ্যাল অফিসার হিসেবে তিনি কার্যালয়ের আইন সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন। জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক শেষে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। 


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশি। 


কার্যালয়ের অন্য বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট বা উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। 


প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ২ জুন ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করেন এবং তার সভাপতিত্বেই ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। 

সম্পর্কিত খবর

;