হুতিদের বিমানবন্দর হামলার জের
স্টাফ রিপাের্টার: সৌদি আরবে হুতিদের চলমান বিমানবন্দর-কেন্দ্রিক হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই উড়োজাহাজ সংস্থাটি। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে দাম্মাম রুটে ২৬ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দুটি রুটের জন্যই একই সময়সীমা নির্ধারণ করা হলো। স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।
গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার জেরে ১১ অক্টোবর থেকে ঢাকা থেকে ফ্লাইট বাতিল বা স্থগিত হতে শুরু করে। এরপর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এখন পর্যন্ত তিন দফায় ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করল বিমান। এই সময়ের মধ্যে এ রুটে মাত্র একটি ফ্লাইট পরিচালনা করেছে সংস্থাটি।
এদিকে শনিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বিমান জানিয়েছে, সৌদি আরবে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এসব বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা যাবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা ...
স্টাফ রিপোর্টার: পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা তল্লাশিতে যুক্ত হচ্ছে বিমানবন্দরের আদলে আধুনিক ব্যবস্থা। স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করতে বসানো হবে আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্ত ...
সব মন্তব্য
No Comments