স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে সৌরবিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে 'মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি, এখনই' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'নবায়নযোগ্য জ্বালানি, এখনই' প্রচারাভিযানের আওতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
আশরাফ উদ্দিন বকুল বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ছাদের ওপর সোলার প্যানেল স্থাপন এবং সোলার ইরিগেশন বা সৌর সেচ কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য খাস জমি বরাদ্দ এবং ব্যাটারি স্টোরেজ উন্নয়নের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকারগুলো কাজ শুরু করেছে। মৎস্য খাতও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেন, শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, জলবায়ুর বিরূপ প্রভাব কিভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ সংক্রান্ত ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে তরুণ সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৎস্য খাতকেও এই লক্ষ্যমাত্রার অংশীদার করার সুযোগ রয়েছে।
তিনি মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রস্তাব তুলে ধরে বলেন, হ্যাচারিতে সৌরচালিত পানি সঞ্চালন ও এয়ারেটর, পুকুর ও ঘেরে সৌর প্যানেল, বরফকল ও হিমাগারে সৌরবিদ্যুৎ এবং মাছ প্রক্রিয়াজাতকরণে সৌর ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। জেলেপাড়ায় সৌর মিনি-গ্রিড স্থাপন করে আলো, মোবাইল চার্জিং, জাল তৈরির কাজ ও ঘাটে নিরাপত্তা-আলো নিশ্চিত করা সম্ভব। রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনা রয়েছে। সেখানে ৯১৮ দশমিক ৪ একর খালি জমিতে ৪৪২ থেকে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব করেছে সরকার। একই মডেল পায়রা, পটুয়াখালী ও তালতলীতেও প্রয়োগ করে 'কয়লা থেকে নবায়নযোগ্য' জ্বালানিতে রূপান্তরের একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এ বিষয়ে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রয়োজনে উন্নত দেশগুলোর ন্যায় সোলার এনার্জি কর্পোরেশন করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিসুর রহমান, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য ইকবাল ফারুক, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সচেতন সংস্থার সভাপতি সাকিলা পারভীন, সুশীলনের ডেপুটি টিম লিডার আবু নওশের আলী সুমন, তরুণ জলবায়ু যোদ্ধা ইশতিয়াক উদ্দিন অর্ক প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
সব মন্তব্য
No Comments