যশোর অফিস: নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বহু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার, ২০ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় ভুক্তভোগী ও একাধিক গণমাধ্যমের খবরে ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা-আগুনের কথা বলা হলেও পুলিশ ও প্রশাসন বলছে সংখ্যা তার চেয়ে কম।
গত বুধবার, ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা হয়। ওই শোভাযাত্রাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বের করেছিলেন। হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করে। তবে দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
গতকাল শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর বিকেল থেকে বেন্দারচর এলাকায় হামলা-আগুনের ঘটনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বড়দিয়া বাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা নিয়ে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো কোনো স্থানীয় সূত্রে শতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও বলা হচ্ছে।
তবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পর ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের কথা বলেছেন।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানিয়েছেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা আগুন লাগার খবর পান। তবে গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল। তার তথ্য অনুযায়ী, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ১০টির মতো বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কথা শুনেছেন। ঘটনার তদন্ত চলছে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেছেন, খবরে যেভাবে ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। ২০টির মতো বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তারা জেনেছেন। বাকি বাড়িগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল বলে পুলিশের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ধারণকৃত ও এআই দিয়ে তৈরি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পুলিশের দাবি, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং এ ঘটনায় কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সরেজমিনে স্থানীয়রাও দাবি করেছেন, ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেছেন, এ হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কে বা কারা করেছে, তা তারা জানেন না। দুই নেতাকে হারিয়ে তারা অত্যন্ত শোকাহত।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ক্ষতিগ্রস্ত বাড়ির সঠিক সংখ্যা, অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করেনি প্রশাসন।
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড ...
স্টাফ রিপোর্টার: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক ...
স্টাফ রিপোর্টার: শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে কারাগারে যেতে হবে, ফুলের মালা দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বা ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশের প্রতি আমাদের যে অঙ্গীকার—এই দেশের গণতান্ ...
সব মন্তব্য
No Comments