গণতন্ত্রের যাত্রাকে যারা ব্যাহত করতে চায় তাদের প্রতিরোধে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে: সাকি

প্রকাশ : 20 Nov 2026
গণতন্ত্রের যাত্রাকে যারা ব্যাহত করতে চায় তাদের প্রতিরোধে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে: সাকি

স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশের প্রতি আমাদের যে অঙ্গীকার—এই দেশের গণতান্ত্রিক জাতীয় পুনর্গঠনে, রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক পুনর্গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। এই ভূমিকার অংশ হচ্ছে, যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদেরকে প্রতিরোধ করা। সেই কাজের জন্য আজকে নতুন করে আবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। 


আজ বিকালে খামারবাড়িতে তুলা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের শহীদ পরিবার ও আহত নেতা কর্মীদের সংগঠকদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন তিনি। 


জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের সাথে যুক্ত সকল নেতাকর্মী, সংগঠকদেরই আজকে কাজ হচ্ছে জুলাই আন্দোলনকারী হাজারো, লাখো, কোটি মানুষের মধ্যে আবারও সেই বার্তাটা নিয়ে যাওয়া যে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একদিকে গণতান্ত্রিক রূপান্তরের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পতিত শক্তি কিংবা যেকোনো শক্তি যদি এখানে সন্ত্রাস, অরাজকতা, মব—নানাভাবে জনগণের মধ্যে ভীতি এবং সন্ত্রস্ত করার পথ অবলম্বন করে, সেটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই দুই দিকেই নজরদারি এবং দুই দিকেই ভূমিকা রাখা—এটা আমাদের সামনে এখন কর্তব্য।


জোনায়েদ সাকি বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, রিয়া গোপ থেকে শুরু করে জুলাই আন্দোলনের হাজারো শহীদ, এবং এর পূর্ববর্তী ১৫-১৬ বছরের সংগ্রামের শহীদ ও নির্যাতনের শিকার সকলকেই আমাদের স্মরণের মধ্যে রাখতে হবে, কারণ জুলাই গণঅভ্যুত্থান এক দিনে বা ওই তিন সপ্তাহের মধ্যে কিংবা কেবল জুলাই মাসে তৈরি হয়নি। গণঅভ্যুত্থান তখনই হয় যখন একটা অত্যাচারী শক্তির বিরুদ্ধে জনগণের মধ্যে প্রত্যাখ্যানের একটা সাধারণ ভিত্তিভূমি তৈরি হয়। সমগ্র জনগণ রাজপথে নেমে যাচ্ছেন, এমনকি সন্তানসম্ভবা মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন- এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে তখনই, যখন সমস্ত মানুষ ওইরকম একটা বোঝাপড়ার মধ্যে এবং সাধারণ উপলব্ধির মধ্যে থাকেন যে, এদেরকে উৎখাত না করলে আমাদের কোনো মুক্তি নাই। এই জায়গাটা তৈরি হতে দীর্ঘ সময় লাগে এবং সেই সময়টার মধ্য দিয়েই এটা তৈরি হয়েছে। কাজেই সেই শক্তিকে আমাদের ধারণ ও লালন করতে হবে এবং সকলেরই স্বীকৃতির জায়গাটাকে আনতে হবে। 


তিনি বলেন, একদিকে দেশের রাজনৈতিক পরিবর্তন, অর্থাৎ সংবিধানসহ প্রাতিষ্ঠানিক, আইনগত সংস্কার; অন্যদিকে আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ও সত্যিকার অর্থে জনগণের জীবনের ভাগ্যে পরিবর্তন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মানবাধিকার, ন্যায়বিচারের ব্যবস্থা, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা, প্রাণ-প্রকৃতি রক্ষা করা—এই সবকিছু এখন আমাদের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। এগুলো কতটা সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে তার ওপরেই নির্ভর করবে গণঅভ্যুত্থান কতটা সফল হলো।


জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আওয়ামীলীগ একটা জাতিবাদী ফ্যাসিবাদী দল। বাঙালি জাতীয়তাবাদকে ফ্যাসিবাদী কায়দায় ব্যবহার করে তারা ঠিক করত কে বাঙালি, কে অবাঙালি, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে। এগুলো ঠিক করে তারা মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করত। এখনও বাংলাদেশে এরকম শক্তি আছে যারা আপনি আমি মুসলমান কিনা সেটা ঠিক করতে চায়। তাদের রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। ফলে আমাদের লড়াই একদিকে ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে জনগণের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই। 


জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু সভায় উপস্থিত দলের আহত জুলাই যোদ্ধা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য গণসংহতি আন্দোলনের রাজপথে থাকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেকোনো ন্যায্য আন্দোলনে জনগণের পাশে থাকা ও জনগণকে সংগঠিত করার দায়িত্ব গণসংহতি আন্দোলন অতীতে পালন করে এসেছে, ভবিষ্যতেও করে যাবে।


জিএসএর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবনের সভাপতিত্বে এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ঢাকা জেলার সমন্বয়কারী বাচ্চু ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জিএসএর শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজা আহমেদ জুম্মন, জিএসএর হাতিরঝিল থানার সমন্বয়কারী আব্দুল কাদের খান, আশুলিয়া থানার আহবায়ক মো. তারেক হোসেন, ছাত্র ফেডারেশনের সাবেক নেতা সজল আহমেদসহ দল ও বিভিন্ন গণসংগঠনের আহত জুলাই যোদ্ধাবৃন্দ। 


সম্পর্কিত খবর

শিরোনাম:
;