সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান

সরকার আইনগতভাবে আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

প্রকাশ : 20 Nov 2026
সরকার আইনগতভাবে আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

সিলেট অফিস: আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।


আজ বিকেলে শান্তিগঞ্জ উপ‌জেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিল তরুণ ও যুবকরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ সবক্ষেত্রেই যুব নেতৃত্বের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের মূল চাবিকাঠি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য সে তুলনায় কম। যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।


গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে। 


 মঞ্জু বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল। সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিলো নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা।


প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।


বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, সতের বছর ফ্যাসিবাদ গোষ্ঠী গুম খুন অগ্নি সন্ত্রাস করেছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকার ও পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।


অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টি সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন এবং যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড়জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান। নতুন কমিটির মাধ্যমে সুনামগঞ্জের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমাধান এবং দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সম্পর্কিত খবর

শিরোনাম:
;