ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৫৫+ বিষয়ের উপর ৩০০+ বই। সে ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ প্রকাশিত হলো—
* জুলাই গণঅভ্যুত্থান
◉ গণঅভ্যুত্থানের চিন্তাশিখা
—মুসা আল হাফিজ
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২৭০ টাকা।
ইতিহাস আমাদেরকে খাড়া করে পরিবর্তনের মোড়ে। বহু ঝড়তুফান পার হয়ে মোলাকাত ঘটে সেই সন্ধিক্ষণের। এই মোলাকাতের ঘটনা রাস্তাঘাটে ঘটার আগে ঘটে যায় চিন্তার ময়দানে। মুসা আল হাফিজের চিন্তা বাংলাদেশের সমাজমনের আবহাওয়া ও আসন্ন বাস্তবতাকে পাঠ করেছিল বাস্তবতা দৃশ্যমান হবার আগেই। জুলাই অভ্যুত্থানকে তিনি বিপ্লবাত্মক পথ দেখিয়েছিলেন কোটা আন্দোলনের শুরুতেই। ১৮ জুলাই ২০২৪ এ প্রকাশিত তার কলাম পুরো লড়াইয়ের রূপকল্প প্রস্তাব করেছিল।
এই গ্রন্থের কলামগুলো বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও ইতিহাসের পুনর্পঠনের চেষ্টা। যাতে পুনর্গঠনের পথে তাকে প্রবাহিত করা যায়। বিশেষত বাঙালি মুসলিম-প্রশ্নে উপনিবেশ ও কলকাতাকেন্দ্রিক বাবু রেনেসাঁর বয়ানের বিপরীতে মুসা আল হাফিজের তত্ত্বভাষ্য আমাদের দৃষ্টিপথে খোলে উত্তর-ঔপনিবেশিক অনুসন্ধানের দরজা।
প্রচলিত বুদ্ধিবৃত্তির চেনা ছকের বাইরে মুসা আল হাফিজ এই গ্রন্থে হাজির করেছেন ভাবনার বানান। তত্ত্বীয় আজাদির পথে যার গুরুত্ব ক্রমবর্ধমান থাকবে।
* অনুবাদ
◉ মহারাজা রণজিৎ সিং
মূল : খুশবন্ত সিং
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৪৫০ টাকা।
বহু বছরের মেধা ও শ্রমে এক ক্যালিগ্রাফার সুন্দর একটি কোরআন শরিফ তৈরি করেন। কিন্তু তিনি ভারতে এমন কোনো মুসলিম শাসককে পেলেন না, যিনি তার পরিশ্রমের উপযুক্ত মূল্য দিয়ে সুদৃশ্য কোরআন শরিফটি কিনবেন। এক পর্যায়ে তিনি লাহোরে এলেন পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ফকির আজিজউদ্দিনের কাছে কোরআনটি বিক্রয়ের চেষ্টা করতে। তিনি ক্যালিগ্রাফারের কাজের প্রশংসা করলেও এর কাঙ্ক্ষিত মূল্য দিতে অপারগতা প্রকাশ করলেন। তাদের দর কষাকষির বিষয়টি মহারাজা রণজিৎ সিংয়ের কানে এলে তিনি ক্যালিগ্রাফারকে তলব করেন। মহারাজা শ্রদ্ধার সঙ্গে কোরআন শরিফটি নিয়ে তার কপালে স্পর্শ করেন এবং তার এক চোখ দিয়ে লেখাগুলো পরখ করলেন। ক্যালিগ্রাফির চমৎকারিত্ব তাকে মুগ্ধ করল। তিনি তার ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য কোরআনটি ক্রয় করলেন। কিছুক্ষণ পর ফকির আজিজউদ্দিন তার কাছে জানতে চাইলেন, একজন শিখ হয়েও তিনি এত উচ্চমূল্যে এমন একটি গ্রন্থ কেন কিনলেন, যা তার কোনো কাজেই লাগবে না। রণজিৎ সিং উত্তর দিলেন, 'ঈশ্বর চেয়েছেন আমি যাতে আমার এক চোখ দিয়ে সকল ধর্মকে সমানভাবে দেখি। সেজন্য তিনি আমার আরেক চোখের আলো নিয়ে গেছেন।'
এ কাহিনি প্রামাণ্য নয়। কিন্তু এখন পর্যন্ত পাঞ্জাবিদের মধ্যে কাহিনিটি প্রচলিত আছে। কারণ, মহারাজা রণজিৎ সিংয়ের পক্ষেই পাঞ্জাবি মুসলমান, হিন্দু ও শিখদের ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল এবং একমাত্র তিনিই পাঞ্জাবকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মহারাজা রণজিৎ সিংয়ের ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক জীবনের মতোই বর্ণাঢ্য ছিল। তিনি ছিলেন সাহসী, অমিতবিক্রমের অধিকারী। বহু যুদ্ধে তিনি স্বয়ং সৈন্যবাহিনী পরিচালনা করেছেন, চালিয়েছেন তরবারি। পাঞ্জাবি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করেছেন সাম্রাজ্যের অধিবাসীকে, যা রণজিৎ সিংকে ক্ষমতার শীর্ষে উন্নীত করেছিল। কিন্তু তার মৃত্যুর পর তার সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয়। মহারাজা রণজিৎ সিংয়ের অনেক অজানা কাহিনিসংবলিত এই গ্রন্থ ইতিহাসমনস্ক পাঠককে আন্দোলিত করবে।
* ঐতিহ্যের ২৫ বছর : ২৫ লেখকের ১ম বই (কবিতা)
◉ মাংসাশী ধুতুরার ঘ্রাণ
—উম্মে রায়হানা
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ২০০ টাকা।
উম্মে রায়হানা খেলতে-খেলতে লেখে, কবিতা, বা হয়তো গান। এই খেলা- সদর্থক। তৎসমে বললে বলা যায়, স্ফূর্তি, হয়তো। ফরাসির সিলভার লাইনিং দিতে, এল ভিতাল। বস্তুত, এই সহজাত স্বতঃস্ফূর্তি, এই মজ্জাগত নৃত্য এতটাই প্রবল, যে, আমার জানামতে, ছন্দে কোনো প্রাতিষ্ঠানিক আয়ত্তি-ব্যতিরেকেই সে অক্ষর-মাত্রা-স্বরে দিব্যি লিখে চলে, প্রায় কোনো পদস্খলন-ব্যতিরেকে-ভারি অবাক লাগে।
এই 'স্ফূর্তি' কিন্তু একটা মুখোশও আবার। এ নজরুলের সৃষ্টিসুখের উল্লাস ঠিক নয়... সৃষ্টিবিষের তাড়নায় ডান্স ম্যাকাবারও, হামেশা। এ আমরা প্লাথে দেখেছি, কিছুটা, আগে। বরং এই নৃত্য যেন অনেক অক্ষর-আঁকা এক ঝলমলে শাড়ি, যে-অক্ষরেরা সব বলে, শুধু যা-বলার, তা ছাড়া।
প্রথম বই, প্রথম সন্তানের মতো... বা, মা যেমন বলতেন: "পেটের শয়তান”। শয়তান যথারীতি অত্যাচারী হোক, (উড়ন) চণ্ডী মা-টিকে লিখতে বাধ্য করে চলুক, এ-ই কামনা।
—সুব্রত অগাস্টিন গোমেজ
* আত্মজীবনী-স্মৃতিকথা
◉ স্মৃতির ঝরা পাতা
—দেওয়ান সালাউদ্দিন বাবু
প্রচ্ছদ : আইয়ুব আল আমিন
মূল্য : ৪০০ টাকা।
জীবনের বাঁকে বাঁকে সময় ঝরে যায় শুকনো পাতার মতো। সময়ের ভাঁজে ভাঁজে জীবনের ঘটনাগুলো স্মৃতি হয়ে লুকিয়ে থাকে। সেই লুকিয়ে থাকা স্মৃতিগুলোই মাঝেমধ্যে উঁকি দেয় মানসপটে। আমরা স্মৃতিকাতর বা স্মৃতিপাথর হয়ে উঠি। স্মৃতি মনে করে কখনো ঠোঁটের কোণে হাসি ফোটে, কখনো-বা চোখের কোণে জল। স্মৃতি কিছুটা সাদা-কালো যুগের বাংলা সিনেমার মতো ফ্যাকাশে হলেও, মনের মমতায় সে প্রাণবান হয়ে ওঠে আমাদের গল্পে গল্পে, আড্ডায় আড্ডায়।
দেওয়ান সালাউদ্দিন বাবুর 'স্মৃতির ঝরা পাতা' বইটি ঠিক এমন ঘটনারই মুখোমুখি করবে পাঠককে। পাঠকের মনে হবে লেখকের সাথে তিনি বসে আছেন গোধূলির বিষণ্ণ প্রহরে কফি হাতে কোনো এক দুর্দান্ত আড্ডায়। বইটি পাঠকমহলে সাদরে গৃহীত হোক।
* ঐতিহ্য ২৪ বছর : বাংলা ক্ল্যাসিক
◉ চরিত্রহীন
—শরৎচন্দ্র চট্টপাধ্যায়
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৮৪০ টাকা।
◉ অনল-প্রবাহ
—সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৮০ টাকা
* অনুবাদ কবিতা
◉ মাতাল মানচিত্র
অনুবাদ : আবদুল মান্নান সৈয়দ
প্রচ্ছদ নওয়াজ মারজান
মূল্য : ১৫০ টাকা।
ভালোবাসা স্বাধীন ও স্বেচ্ছাচারী। একজন কাব্যপ্রেমিকের যদৃচ্ছ ভালোবাসার মানচিত্র এই বই।
আমি বিশ্বকবিতার প্রেমে অতিক্রম করে গেছি দেশের দেয়াল, কালের পাহারা। এই অনুবাদ কবিতাগ্রন্থে পাঠক তাই কোনো বিশেষ দেশ বা কালের ক্রমিক কবিতা বা কোনো নির্দিষ্ট বিষয়োৎসারিত কবিতার সন্ধান পাবেন না। আমি গ্রহণ করেছি আমার প্রিয় কবিদের, চালিত হয়েছি প্রিয় কবিতার আত্মভাষায় জাগরণে। এজন্য যাঁরা ধারাবাহিক ইতিহাসের অনুসরণ করতে যাবেন এই সংকলনে, ভয়াবহভাবে ব্যর্থ হবেন তাঁরা। এই অনুবাদগুচ্ছ অমন কোনো সাধু বা আদর্শিক উদ্দেশ্যের দ্বারা প্রণোদিত নয়; খেলাচ্ছলে রচিত বরং।
আশ্চর্য আনন্দের আস্বাদ পেয়েছি অনেক দিন পরে, সহসা মনে হয়েছে কখনো সত্যিকার সাহিত্যিক ভিতরমহল চরিতার্থ হচ্ছে এই অনুবাদঅয়নে। ঠিক ব্যাখ্যা করা সম্ভব নয় :হয়তো উচ্চাশাতাড়িত নয় বলে ঐ আনন্দের আস্বাদ, হয়তো বিশেষ সময়ের ছেঁকে-ধরা মেজাজের দীপ্ত উপহার, হয়তো যেমন আমার হয় অনেক সময় নিজের বিরুদ্ধে কাজ করে। নিজের বিরুদ্ধে; অর্থাৎ আমি কবিতানুবাদে ঘোর অবিশ্বাসীমুখে ও লিখে তার বিরুদ্ধতা করেছি এবং গ্রন্থপ্রকাশের মুহূর্তেও তার শেষ-সার্থকতা সম্বন্ধে সন্দিহান।
—আবদুল মান্নান সৈয়দ
* গল্প
◉ অপেক্ষার ট্রেন
—আজহার শাহিন
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ১৮০ টাকা।
সেদিনের সব কথা তার মনে নেই। তবে কিছু স্মৃতি থাকে, কিছু কথা থাকে কখনো হারায় না; নিশ্বাসের মতো বুকের পাঁজরে লেগে থাকে। তাকে বহন করতে হয় শেষ পর্যন্ত।
* উপন্যাস
◉ উঠল্লু
—সাদিয়া সুলতানা
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ৩৮০ টাকা।
ঐ যে পাখিরা আসমানের কাছাকাছি ডানা মেলে উড়ছে, ঠিক অমন যদি উড়তে পারত আবাবিল! আম্মি বলে, আবাবিল একটা চিড়িয়া। কিন্তু ও যদি চিড়িয়াই হয় তবে এমন করে উড়তে পারে না কেন? আম্মির গল্পকথার আড়ালে থাকা মিথ্যেটুকু আবিষ্কার করে আবাবিল শোয়া থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে। ওর গলার ভেতরে ভেজা ভেজা কিছু একটা দলা পাকিয়ে ওঠে। আচমকা আবাবিল টের পায়, দুই বাহু টনটন করছে। পাখির দেহের ঠিক এই জায়গাতেই তো ডানা থাকে। আবাবিল হাত না রেখেও অনুভব করে কেমন শিরশির করে উঠছে দুই হাতের ঊর্ধ্বভাগ। তবে কি ওর ডানা গজাচ্ছে? আবাবিল পাখির মতো ডানা?
* কবিতা
◉ অচিন উহঁ
—সাকিরা পারভীন
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২০০ টাকা।
অবশিষ্ট বিভীষিকাময় শব্দের মতন
এইসব কবিতা-সাকিরা পারভীনের।
অন্তরঙ্গ ধুনে পাতার উইন্ড চাইম বেজে
উঠে কোনও সজিনাগ্রামের দিকে চলে যায়।
বারান্দার গলিতে একটি তাজা কচ্ছপ ঘুরে
বেড়াচ্ছে। আন্দালুসিয়ার 'কুত্তা' ঘেউ দিল
এই।
সা থেকে নি
নি থেকে কোমল ধা-র মীড়ে।
এমন কি ভাত ভালো না বেসে এডভার্ড মুঙ্কের 'স্ক্রিম' চোখ মটকায়—
গ্রামের নদীটাকে একটা দামি কনডমের ভেতর ঢুকিয়ে
স্টিল লাইফ আঁকতে বসেছেন ভ্যান গগ
ধা পা মা সা রে গা
দহন টহন।
ছিলো হয়ত। দুধসাদা ডিমের বান্ডিল বা জ্যাকসন পোলক
দেখার জন্য একটি পাতাই যথেষ্ট।
অচিন উঁহু-র ভাব বিস্তার হোক ন্যুড সাদা
দেয়ালসমূহে এখন।
—ধ্রুব এষ।
* স্বাস্থ্য
◉ লিভার : জানুন এবং ভালো থাকুন
—অধ্যাপক মোহাম্মদ আলী
প্রচ্ছদ : জুনায়েদ মোর্শেদ পাইকার
মূল্য : ৪০০ টাকা।
মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অঙ্গ লিভার। এই অঙ্গটি সম্পর্কে জানা এবং এর পরিচর্যা করা আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকারি। লিভারের রোগের বিধ্বংসী পরিণতিগুলো খুব কষ্টকর। অথচ বেশিরভাগই সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিরোধ ও কার্যকরী চিকিৎসা সম্ভব।
সাধারণ মানুষের জন্য লিভার এবং এর কার্যাবলি সম্পর্কে সহজভাবে ব্যাখ্যা করতে, লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে গভীরভাবে জানতে এবং উপলব্ধ চিকিৎসার দিক-নির্দেশনা দিতেই লিখিত হয়েছে এই বই। লিভারের সাধারণ রোগ হেপাটাইটিস থেকে জটিল অবস্থা লিভার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে সহজ জীবনধারার পরিবর্তন এবং সচেতনতা এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
এই বইয়ের মাধ্যমে পাঠক লিভারের কার্যাবলি, এর প্রতি হুমকি সৃষ্টি করা রোগ এবং তার উপলব্ধ চিকিৎসা ও সার্জারি সম্পর্কে স্পষ্ট এবং সহজলভ্য তথ্য পাবেন। এছাড়াও, স্বাস্থ্যকর অভ্যাস, টিকা গ্রহণ এবং সম্ভাব্য সমস্যাগুলোর প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে কীভাবে লিভারকে সুরক্ষিত রাখা যেতে পারে তাও সহজে জানতে পারবেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments