প্রজ্ঞাপন জারি

দেশের ২১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

প্রকাশ : 29 Jul 2026
দেশের ২১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত সোমবার (২৭ জুলাই) রাতে এবং মঙ্গলবার পৃথকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও উপ-উপাচার্যরা চার বছর দায়িত্ব পালন করবেন। তাঁদের নিয়োগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাঁদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।


নতুন নিয়োগের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েম। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উপাচার্য হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান।


উপ-উপাচার্য পদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. এমতাজ হোসেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম শফিউর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার দায়িত্ব পেয়েছেন।


এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানকে উপ-উপাচার্য করা হয়েছে।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আবদুস সোবাহান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।


সম্পর্কিত খবর

;