ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ, সচিবালয় অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ, পুলিশের বাধা

প্রকাশ : 24 Sep 2026
ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ, সচিবালয় অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ, পুলিশের বাধা


স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।


আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।


গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও সিপিবি'র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নেতা ডা. জয়দীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ'র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, সিপিবির কেন্দ্রীয় কমিশন সদস্য অধ্যাপক ডা. আবু সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব)'র কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু ও হামের মতো প্রতিরোধযোগ্য রোগে মানুষের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। জনস্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও রোগের বিস্তার নিয়ন্ত্রণ, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ দৃশ্যমান নয়। এর ফলে বিপুল সংখ্যক শিশু ও সাধারণ মানুষকে অকাল মৃত্যু এবং দুর্ভোগের শিকার হতে হচ্ছে।


বক্তারা আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিবছরই নতুন করে জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করছে। সরকার মশক নিধন কার্যক্রমে দুর্নীতি-লুটপাট বন্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। হাম ও হামের উপসর্গ নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে এখন পর্যন্ত সহস্রাধিক শিশু মৃত্যুবরণ করেছে। এই নজিরবিহীন শিশু মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।


সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিলেও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।


স্মারকলিপিতে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ দফা প্রস্তাব তুলে ধরা হয়:


১. হামের মহামারি মোকাবিলা ও ডেঙ্গুর মহামারি ঠেকাতে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবিলা কমিটি গঠন করতে হবে।

২. ৬ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল মানুষকে জরুরিভাবে পরিকল্পনামাফিক হামের টিকা দিতে হবে।

৩. কমিউনিটি পর্যায়ে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

৪. মাধ্যমিক পর্যায়ের হাসপাতালগুলোতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর হাম ও ডেঙ্গু রোগীদের ভর্তি করে চিকিৎসা দিতে হবে।

৫. দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে জরুরি ও জীবন রক্ষাকারী চিকিৎসা, পরীক্ষা ও ওষুধ হয়রানিমুক্তভাবে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৬. এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

সম্পর্কিত খবর

;