সর্বজনীন বাসস্থানই টেকসই নগরায়ণের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

প্রকাশ : 05 Oct 2026
সর্বজনীন বাসস্থানই টেকসই নগরায়ণের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আজ ৪ অক্টোবর শনিবার তিনি এই বাণী দেন।


বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। নগরগুলো শুধু নাগরিক সুবিধা সম্বলিত নাগরিকের বসবাসের স্থানই নয়। বিশ্বজুড়েই নগরগুলো হয়ে উঠেছে কর্মসংস্থান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র। তাই পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ টেকসই উন্নয়নের পূর্বশর্ত।


তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নগর অঞ্চলগুলো প্রতিনিয়ত জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ, যানজট, তীব্র দূষণ, অপর্যাপ্ত ও মানহীন আবাসনের মতো নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই বাস্তবতায় দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


রাষ্ট্রপতি বলেন, মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলো নিরাপদ, সাশ্রয়ী, দূষণমুক্ত, পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ আবাসন। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ভূমির উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট ক্রমশ তীব্র হয়ে উঠছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই সংকট আরও প্রকট। সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।


তিনি আরও বলেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সকলের জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন ও সকলের জন্য আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সুবিধাবঞ্চিতদের জন্য আবাসন কর্মসূচি, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, নিরাপদ ভবন নির্মাণ বিধির যথাযথ পরিপালন, ভূমির সুষ্ঠু ব্যবহার, স্মার্ট ও টেকসই নগর ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থায় সরকারের গৃহীত পরিকল্পনা নাগরিক সেবা সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।


রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সুপরিকল্পিত নগরায়ণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে দেশের নগরাঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে এবং বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। তিনি বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।


সম্পর্কিত খবর

;