ম্যাচ ফিক্সিং

৮ বছরের জন্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অখিলেশ রেড্ডি

প্রকাশ : 04 Aug 2026
৮ বছরের জন্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অখিলেশ রেড্ডি

স্টাফ রিপোর্টার: আইসিসি দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আজ সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে আইসিসি এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।


আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগগুলো হলো— ২০২৫ সালের আবুধাবি টি-১০ লিগ চলাকালে ম্যাচ ফিক্সিং বা ম্যাচের ফলাফলকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, অন্য একজন খেলোয়াড়কে দুর্নীতিতে জড়িত করার চেষ্টা এবং তদন্ত সংশ্লিষ্ট মোবাইল ফোনের তথ্য ও বার্তা মুছে ফেলা।


২৬ বছর বয়সী রেড্ডি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৫ সালের এপ্রিলে। আবুধাবি টি-১০ লিগ এর আগেও আইসিসির দুর্নীতিবিরোধী নজরদারিতে ছিল, ২০২১ সালের আসরে ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।


আইসিসি জানিয়েছে, রেড্ডির অন্য খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা সফল হয়নি। এই দীর্ঘ নিষেধাজ্ঞা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে আইসিসির কঠোর অবস্থানেরই প্রতিফলন।

সম্পর্কিত খবর

;