বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

প্রকাশ : 01 Aug 2026
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা অবশেষে বাতিল করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাত্র ৭২ ঘণ্টা আগে ফাঁস হওয়া এই পরিকল্পনাকে ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র প্রতিক্রিয়া ও বিভক্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।


ফিফার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি পৃথক সহযোগী প্রতিষ্ঠান গঠনের কথা ছিল, যারা বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ ফিফার সব ইভেন্টের বাণিজ্যিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে। এই নতুন কোম্পানির প্রায় ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ফিফা। ফিফার দাবি ছিল, এই অর্থ বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নে পুনরায় বিনিয়োগ করা হবে। 


মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এর তীব্র বিরোধিতা করে এবং জানায় বিশ্বকাপকে বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যায় না। বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতভাবে সব ধরনের ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এই তিনটি কনফেডারেশনের সম্মিলিত সদস্য সংখ্যা ১৪৩, যা ফিফার মোট ২১১ সদস্যের অর্ধেকেরও বেশি। 


শুধু বাইরে নয়, ফিফার ভেতরেও এই পরিকল্পনা নিয়ে বড় ধরনের ফাটল দেখা দেয়। শুক্রবার ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে বলেন, এটি ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি। ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামোর বলেন, কর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত করা হয়েছে এবং এটি এক ব্যক্তির প্রকল্প। 


পরিকল্পনাটি ঘিরে বিনিয়োগকারী নিয়েও প্রশ্ন ওঠে। প্রধান বিনিয়োগকারী হিসেবে থ্রাইভ এটারনাল নামে একটি তহবিলের নাম আসে, যার নেতৃত্বে রয়েছেন থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। সমালোচকদের আশঙ্কা ছিল, মুনাফার স্বার্থে বেসরকারি বিনিয়োগকারীরা খেলার ওপর প্রভাব খাটানোর চেষ্টা করবে। 


বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর এটা স্পষ্ট হয়েছে যে প্রকল্পটি এমন বিভক্তি তৈরি করেছে, যা সমর্থনের মাত্রা নির্বিশেষে আর মূল উদ্দেশ্যের স্বার্থে নেই। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সবসময় ছিল এবং থাকবে ঐক্যবদ্ধ করা ও উন্নতি করা। ফলে এই প্রস্তাব আর এগোবে না। তিনি আগামী দিনগুলোতে সব পক্ষকে আবার একত্রিত করার ইচ্ছার কথাও জানান। 


সম্পর্কিত খবর

;