স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিলটি পরীক্ষা করে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে গত ১৭ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ সংশোধন করে র্যাব গঠনের আইনি ভিত্তি দেওয়া হয়েছিল। নানা কর্মকাণ্ডের কারণে বাহিনীটি সমালোচিত হয়। এখন ওই অধ্যাদেশের র্যাব-সংক্রান্ত বিধান বাদ দিয়ে র্যাব বিলুপ্ত করা এবং পৃথক এসআরবি আইন করা হচ্ছে।
বিলে যা আছে
মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া অনুযায়ী, কাগজে ‘র্যাব’ বিলুপ্ত হলেও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার প্রায় সবই থাকছে। র্যাবের বর্তমান জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথি ও অন্যান্য সম্পদ এসআরবিতে চলে যাবে। র্যাবের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন ইউনিটের সদস্য হিসেবে গণ্য হবেন। র্যাবের দায়দায়িত্ব, চুক্তি এবং পক্ষে বা বিপক্ষে চলমান মামলাও এসআরবির নামে চলবে।
বিলে বলা হয়েছে, পুলিশ বাহিনীর অধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে। সরকার প্রয়োজন অনুযায়ী পুলিশ ও শৃঙ্খলা বাহিনী থেকে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও সদস্যকে পদায়ন বা প্রেষণে নিয়োগ দিয়ে এ ইউনিট গঠন করবে। ইউনিটটির পদবিন্যাস, নিয়োগপদ্ধতি ও চাকরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হবে। এসআরবির জন্য নির্ধারিত পতাকা, প্রতীক ও স্বতন্ত্র পোশাক থাকবে। পুলিশে কর্মরত অন্তত অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা এসআরবির মহাপরিচালক হবেন।
এসআরবিকে ফৌজদারি অপরাধের তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রাখা হয়েছে। নতুন আইনের বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত ২০০৫ সালের বিদ্যমান বিধিমালার অধীনে র্যাব-সংক্রান্ত বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও আদালতের কার্যধারা বহাল থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধানও রাখা হয়েছে।
একই সঙ্গে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ ও বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হয়েছে।
সংসদে বিতর্ক
বিলটি উত্থাপনের সময় নতুন এই বাহিনীর রূপরেখা, প্রয়োজনীয়তা ও সময়সীমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিল উত্থাপনে আপত্তি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও আয়নাঘরের কারণে র্যাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত। নির্বাচনের আগে বিএনপিসহ সব দল র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন মোড়কে র্যাব পুনর্গঠনের কথা বলেনি। ‘র্যাব ফ্যাসিবাদের চিহ্ন, নতুন মোড়কে র্যাব ফিরিয়ে আনা হচ্ছে’।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, তারা র্যাব বিলুপ্তির প্রস্তাব সমর্থন করেন, কিন্তু নতুন সংস্থা গঠনে আরও চিন্তা ও সবার সম্মতি প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল র্যাব নামে কোনো সংগঠন থাকবে না, সেটি বিলুপ্ত করা হচ্ছে। তবে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট দরকার। পুলিশের প্রধান ছিলেন ‘কুখ্যাত বেনজীর’, সে জন্য কি পুলিশ বিলুপ্ত করে দেব? এসআরবির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা বিলে রাখা হয়েছে। তিনি সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
সব মন্তব্য
No Comments