প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

প্রকাশ : 05 Oct 2026
প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রকে সুসংহত এবং গ্রহণযোগ্য করতে হলে প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজনীতি ও নির্বাচনে নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।


সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, গণতন্ত্রের অপরিহার্য উপাদান হচ্ছে নারীর অংশগ্রহণ। তবে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।


কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটার বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। ভোটার, নির্বাচনে প্রার্থী, রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় এবং বেসরকারি ও উন্নয়ন সংস্থায় নারীর দৃশ্যমান উপস্থিতি প্রয়োজন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের জয়লাভের হার তুলনামূলক কম ছিল বলেও তিনি উল্লেখ করেন।


আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, কেবল আইনের বাধ্যবাধকতা দিয়ে সমতা আনা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এখনো নারীদের অংশগ্রহণ খুবই নগণ্য।


পাঁচতারকা হোটেলে বসে পরিকল্পনা না করে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি বলেন, নারীর সমতা নিশ্চিত করতে হলে সরাসরি মাঠে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও উপকূলীয় এলাকার নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা জরুরি। গণতন্ত্রের মূল শর্তই হলো নির্বাচনে নারীদের অবাধ অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, নারী ভোটারের অনুপাতে এখনো নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, যা বাড়ানো দরকার।


সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পুনর্ব্যক্ত করেন যে, দেশের সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও বিশ্বাসযোগ্য রূপ দিতে রাষ্ট্র পরিচালনাসহ নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ বেশি হবে।


সম্পর্কিত খবর

;