গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ কয়েকজন আহত

প্রকাশ : 20 Nov 2026
গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ কয়েকজন আহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে আয়োজিত ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬ এর খেলাকে কেন্দ্র করে দর্শক ও স্থানীয়দের সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।


গত ১৮ নভেম্বর, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


আয়োজক পাঁচানি সম্মিলিত যুব কমিটির সভাপতি মো. শাহীন সরদার, তিনি আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য। কমিটির সহ-সভাপতি মো. আবু জাফর মোল্লা।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাইরে থাকা এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়টি মিটমাট করে মাঠে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বললে আয়োজক কমিটির সহ-সভাপতি আবু জাফরের সঙ্গে তর্কাতর্কি হয়। অভিযোগ রয়েছে, এরপর কমিটির কিছু সদস্য মঞ্চ থেকে নিচে নেমে দর্শক ও স্থানীয়দের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন।


রইচপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাহ সিয়াম অভিযোগ করেন, রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে কথা হওয়ার সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়টি সমাধানের অনুরোধ জানান। এ সময় কমিটির সহ-সভাপতি জাফর অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সঙ্গে অশোভন আচরণ করেন এবং পরবর্তীতে কমিটির লোকজন নিচে নেমে চেয়ার ও কিল-ঘুষি দিয়ে হামলা চালান। এতে তিনি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বোরহান, মাহবুবার, কিবরিয়া ও ইমরান হোসেনসহ কয়েকজন আহত হন। এর মধ্যে বোরহান ও মাহবুবার বেশি আঘাতপ্রাপ্ত হন। ঘটনার সময় থামাতে গেলে অন্যরাও মারধরের শিকার হন বলে দাবি করেন রইচপুরের বাসিন্দা বোরহান।


অভিযোগ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য জানান, রেফারির সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত করতে তিনি কমিটির সদস্যদের মাঠে গিয়ে বিষয়টি মীমাংসা করার কথা কয়েকবার বললে ক্ষুব্ধ হয়ে কমিটির লোকজন তার ওপর চড়াও হন এবং থামাতে আসা স্থানীয়দেরও মারধর করেন।


এ বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির সহ-সভাপতি মো. আবু জাফর মোল্লা বলেন, খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত ও কথা কাটাকাটি ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি ও ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। বড় কোনো মারামারি হয়নি এবং বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার কথা জানান তিনি। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে পরিস্থিতি শান্ত হলে সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।


কমিটির সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহীন হোসেন মুঠোফোনে জানান, গন্ডগোলের ঘটনায় উভয় পক্ষেরই দোষ রয়েছে এবং কমিটির লোকজন মঞ্চ থেকে নিচে নেমেছিলেন। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় মহসিন আলমসহ স্থানীয়ভাবে বিষয়টি সালিশ-মীমাংসার কথা থাকলেও পরে দেখা যায় তা আর হয়নি। এ বিষয়ে বেশি লেখালেখির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পাঁচানির ঘটনাটি এখনো তার নলেজে আসেনি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

শিরোনাম:
;