ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 20 Sep 2026
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। ভবনের একটি রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখা যায়। এ ঘটনার পর ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে। তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। 


জানা গেছে, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। 


এই ঘটনার পর সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে এবং নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করে। 


পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সম্পর্কিত খবর

;