স্টাফ রিপোর্টার: ’২৪ এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৫ আগস্ট ২০২৫ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল, ব্যাটারি রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি খালেকুজ্জামান লিপন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঢাকা নগরের সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন, নূরহোসেন স্কোয়ার, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
গণসমাবেশে বজলুর রশীদ ফিরোজ বলেন, গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার রাজপথে জীবন বাজি রেখে লড়াই ও আত্মদানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। বৈষম্যমূলক সমাজের আকাক্সক্ষাকে বুকে ধারণ করে প্রায় দেড় হাজার শহিদী আত্মদানে গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। ফলে ১ বছর পূর্তিতে এসে আমরা দেখছি বৈষম্যহীন সমাজের স্বপ্নের অপমৃত্যু ঘটতে চলেছে। শহিদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে হাঁটছে। এখনো গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি হয়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা আজো হয়নি। আহতদের চিকিৎসা ও নিহত-আহতদের পরিবারের পুনর্বাসন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নি¤œআয়ের মানুষেরা দিশেহারা। নতুন কর্মসংস্থান তো হয়নি, বরঞ্চ শতাধিক কারখানা বন্ধ হয়ে নতুন নতুন বেকার হচ্ছে। আমেরিকার পাল্টা শুল্ক আরোপে গার্মেন্টস এ ৩৬.৫% ট্যাক্স দিতে হবে। এতে পোশাক শিল্প ঝুকিতে পড়বে, বেকারের সংখ্যা আরো বাড়বে। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা হয়নি। দাবি চেয়ে গুলি খেয়ে মরলো শ্রমিক। খেলাপী ঋণ ১ বছরে ৩ লাখ ১৯ হাজার কোটি বেড়ে হয়েছে ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বাংলাদেশ বিশ্বে চতুর্থ। সারাদেশে চাঁদাবাজি, তোলাবাজি, মব সৃষ্টি করে হামলা ও হত্যা, নারীর সাথে অসম্মানজনক আচরণ, মোরাল পুলিশিং, ধর্ষণ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা, মাজার-বাউল আখড়া ভাঙা, নারীদের ফুটবল খেলায় বাধা, পত্রিকা-টিভিসহ প্রতিষ্ঠান-স্থাপনা দখল, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙচুর, দুর্নীতি-লুটপাট ইত্যাদি অব্যাহত রয়েছে। সরকারের প্রশ্রয়ে থাকায় অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে মব সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে দ্বিগুন উৎসাহে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধকে খাটো করে ’৪৭ দিয়ে প্রতিস্থাপন করতে মহলবিশেষ নানা কৌশল অবলম্বন করছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ’৭২ এর সংবিধানের চার মূলনীতি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। নতুন বন্দোবস্তের নামে নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য ছলচাতুরীর আশ্রয় নেওয়া হচ্ছে। অথচ নারী আসন ১০০ তে উন্নীত করে সরাসরি নির্বাচন এবং মৌলিক অধিকারসমূহ আইনের মাধ্যমে বলবৎ করার উদ্যোগ নাই।
তিনি বলেন, সরকারের প্রধান কাজ বিচার দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করা। কিন্তু ১ বছরেও বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। উপরন্তু এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া, রাখাইনে করিডোর প্রদান, তুরস্ককে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের অনুমতি দেওয়া ও স্টারলিংকের সাথে চুক্তি করায় জনগণের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। মানুষ ভাবছে ভারতীয়-মার্কিন সাম্রাজ্যবাদী বলয় থেকে কি দেশ আমেরিকান সাম্রাজ্যবাদের বলয়ে চলে যাচ্ছে। আর নির্বাচনের দাবি করলে কারো কারো গায়ে জ্বর এসে যাচ্ছে এবং ফ্যাসিবাদের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন নির্বাচন ছাড়া নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ কি? নির্বাচন না দিয়ে ইউনস সরকার ক্ষমতা হস্তান্তর করবে কীভাবে? ক্ষমতা পরিবর্তনের ৩টি পথ আছে (১০ নির্বাচন (২) গণঅভ্যুত্থান (৩) সামরিক ক্যু দেতা। আমরা তাই নির্বাচন চাই।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার মুক্তির জনযুদ্ধকে দলীয়করণ করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, অনেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে লজ্জা বোধ করতেন। আজ এক বছর পরে জুলাই যোদ্ধাদের কর্মকাণ্ডে অনেকে জুলাই যুদ্ধা পরিচয় দিতেও বিব্রত বোধ করছেন যা জাতির জন্য লজ্জার। দেশবাসী ’৭১ এবং ’২৪ এর চেতনা বাণিজ্যের কবল থেকে মুক্তি চায়।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা থেকে দৃষ্টি সরাতে স্বাধীনতা, সেকেন্ডে রিপাবলিক, নতুন সংবিধান নানা বিতর্ক তৈরি করা হচ্ছে ছাত্রদের নতুন দলসহ কোন কোন মহল থেকে। প্রশ্ন হলো, একটা দেশ কয়বার স্বাধীন হয়? তাহলে ’৭১ সালে কি আমরা স্বাধীন হইনি? ’৭১ সালে পাকিস্তানী উপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্তির জনযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়ে রিপাবলিক গঠন করেছি। এবার কোন উপনিবেশিক শক্তির কবল থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়ে সেকেন্ড রিপাবলিক গঠন করতে চাইছি? বিদ্যমান ’৭২-এর সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে তা দূর করা জরুরি। তার জন্য যা যা সংশোধন দরকার তা করতে হবে। কিন্তু যারা নতুন সংবিধানের কথা বলছেন তারা একদিকে ঐকমত্য কমিশনে গিয়ে সংবিধান সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে মাঠে বক্তৃতায় নতুন সংবিধান চাইছেন এটা নির্জলা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।
বক্তব্যে তিনি আমেরিকা-ভারতসহ সকল সাম্রাজ্যবাদী দেশের সাথে সম্পাদিত গোপনচুক্তি প্রকাশ ও অসমচুক্তি বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদী প্রবণতা রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ’২৪ এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
সব মন্তব্য
No Comments