আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম (সুজা) ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নলকুড়া ইউনিয়নের ভারুয়া আমতলী এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলাম ডিস লাইনের ব্যবসা করেন। প্রায় এক মাস আগে তাঁর ঘর থেকে একটি ব্যাটারি চুরি যায়। ওই ব্যাটারি খোরশেদ আলমের ছেলে সানোয়ার হোসেন (১৭) চুরি করেছে—এমন সন্দেহ করে আসছিলেন আমিনুল ইসলাম বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এরই জেরে ঘটনার দিন সকালে আমিনুল ইসলামের নেতৃত্বে ৫-৭ জন ব্যক্তি খোরশেদ আলমকে ধরে ভারুয়া বাজারসংলগ্ন হামিদুল্লাহ মেম্বারের দোকানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তাঁর হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয় বলে মামলায় দাবি করেছেন খোরশেদ আলম। পরে ইউপি সদস্য হামিদুল্লাহ তাঁর হাত-পায়ের বাঁধন খুলে দেন বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খোরশেদ আলমকে উদ্ধার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী খোরশেদ আলম বাদী হয়ে ঝিনাইগাতী সিআর আমলী আদালতে মামলা করেন। মামলায় নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম (সুজা), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ উদ্দিন, মানিককুড়া গ্রামের ভুষু মিয়া ও মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মো. আমিনুল ইসলাম বলেন, ‘খোরশেদ আলমকে আমরা ধরে নিয়ে আসিনি। তাঁকে ডেকে নিয়ে এসেছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
ইউপি সদস্য হামিদুল্লাহ বলেন, ‘খোরশেদ আলমের হাতের বাঁধন আমি খুলে দিয়েছি।’
মামলায় অভিযুক্ত বিএনপি নেতা মো. আজহারুল ইসলাম (সুজা) ও ছাত্রদল নেতা মো. শরীফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী খোরশেদ আলম ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-ক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
সব মন্তব্য
No Comments