আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংবাদপত্র গণশক্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নাগরিক সন্দেহে মহিলা ও শিশু সহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ছয় বাসিন্দাকে আটক করার পর দিল্লি পুলিশ তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান ভারতের ট্রেড ইউনিয়ন, সিআইটিইউ’র বীরভূম জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা রাজ্যে কোন কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যের এই পরিযায়ী শ্রমিক এবং পরিবারকে হেনস্তা করছে প্রশাসন। তাঁদের বাংলাদেশী বলে আটক করা হচ্ছে। কাজ করতে গিয়ে অত্যাচারের মুখে পড়ছেন।’’ তিনি বলেন, ‘‘আরএসএস পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র সংখ্যলঘু মুসলিম ও বাংলাভাষী হওয়ার কারণে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী তকমা দিয়ে তাদের ওপর অকথ্য নির্যাতন ও চরম হেনস্তা করছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার নির্বাক এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।’’
চক্রবর্তী আরও বলেন, ‘‘বীরভূম জেলার মুরারই ও পাইকর এলাকার যে ৬ বাসিন্দাকে বাংলাদেশী তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে তাঁদের অবিলম্বে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে। সিআইটিইউ বিজেপি’র এই জঘন্য রাজনীতির তীব্র ধিক্কার জানাচ্ছে।’’
মুরারই-১ ব্লকের মুরারই পঞ্চায়েতের ধিতোড়া গ্রামের দানিশ শেখ অভিযোগ করে বলেন, ‘‘আমার মেয়ে সুইটি বিবি, জামাই সহ তাদের একটি পাঁচ বছরে শিশুকে নিয়ে দিল্লিতে সেলাইয়ের কাজ করছিলেন। সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য পুলিশ তাদের আটক করে। তাঁরা নিজেদের সমস্ত নাগরিকের প্রমান পত্র দেখালেও তাদের ছাড়েনি। পরে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।’’
মুরারই-২ ব্লকের পাইকর গ্রামের একজন বয়স্ক বিধবা মহিলা মঙ্গলবার অভিযোগ করে জানান, ‘‘আমরা খুব গরিব মানুষ। গ্রামে একশো দিনের কাজ না থাকায় কয়েক বছর ধরে আমার ছেলেরা সেখানে ভাঙাচোরা জিনিসের ব্যবসা করে। তাদের বাংলাদেশী বলে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সমস্ত প্রমাণ দেখালেও কোন কথা শোনেনি দিল্লি পুলিশ। আমরা এই দেশের গরিব মানুষ। এখন কোথায় কার কাছে যাব তাদের উদ্ধার করতে, ভেবে পাচ্ছি না।’’
বিজেপি শাসিত রাজ্য গুলিতে বিশেষ করে বাংলাভাষী সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশী তকমা লাগিয়ে পুলিশের জুলুম বাজির বিরুদ্ধে মঙ্গলবার সিউড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা সিআইটিইউ সাধারণ সম্পাদক বলেন, ‘‘রাজ্যের প্রায় প্রতিটি জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতী, শ্রমিক কাজ না পেয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছেন পেটের তাগিদে পরিবাররের মানুষগুলির মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। জেলার প্রচুর মানুষ ভিন রাজ্যে বিশেষত নয়ডা, ওড়িশা, বেঙ্গালুরু, রাজস্থান, দিল্লিতে কাজ করেন। এখন সেখানে পুলিশ প্রমাণপত্র চাইছে। ভোটের কার্ড, আধার কার্ড দেখেও সন্তুষ্ট হচ্ছে না সেখানকার পুলিশ। পঞ্চায়েতের, বিডিও’র কাগজ চাইছে। আর তাতেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ও তাদের পরিবারের মানুষের রাতের ঘুম উবে গেছে। বিভিন্ন রাজ্যে বিজেপি’র এই ‘পুশব্যাক’ নীতি প্রত্যাহারের দাবি তুলেছেন দীপঙ্কর চক্রবর্তী।
উল্লেখ্য, রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, কোচবিহারের পাশাপাশি বিভিন্ন জেলার বাসিন্দাদের এভাবেই হেনস্তা করছে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি সরকার। দিল্লির পাশাপাশি ওড়িশাতেও সম্প্রতি এমন ঘটনা দেখা গিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার, ৯ জুন স্থানীয় সময় ভোরে হরমুজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ...
আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ ...
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ...
সব মন্তব্য
No Comments