নভেম্বরে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

১২ কেজি সিলিন্ডার এখন ১২১৫ টাকা

প্রকাশ : 02 Nov 2026
১২ কেজি সিলিন্ডার এখন ১২১৫ টাকা

স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত অক্টোবর মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪১ টাকা।


রোববার, ২ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন। ঘোষিত নতুন দাম ওইদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে কমিশন। 


বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০১ টাকা ২৯ পয়সা হিসেবে ১২ কেজির হিসাব করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি পর্যায়ের অন্যান্য আকারের সিলিন্ডারের দামও কমানো হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজি ৫৫৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ২০ কেজি ২ হাজার ২৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৭ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 


এলপিজির পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা। 


এর আগে গত ২ অক্টোবর অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছিল। বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম ঘোষণা করে থাকে।


সম্পর্কিত খবর

;