মিয়ানমার উপকূল অতিক্রম করল গভীর নিম্নচাপ

চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সংকেত; ঢাকায় বৃষ্টি কম, ভ্যাপসা গরম অব্যাহত

প্রকাশ : 29 Sep 2026
চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সংকেত; ঢাকায় বৃষ্টি কম, ভ্যাপসা গরম অব্যাহত

স্টাফ রিপোর্টার: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো (Kyaikto) এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টায় এটি মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় ১৮.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৬.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ০৩ নম্বর) দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে চট্টগ্রাম ও কক্সবাজার, পূর্বমধ্য বঙ্গোপসাগর, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে আপাতত কোনো সংকেত নেই।


উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নিম্নচাপটি মূলত মিয়ানমার উপকূল হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলে প্রভাব ফেলতে পারে। আজ থেকেই এসব এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে এবং আগামীকালও এর প্রভাব অব্যাহত থাকতে পারে।


আজ সকাল ৯টা থেকে প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে রাতে সামান্য বৃষ্টি হতে পারে। আগামীকালও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। ঢাকায় আজ বাতাসের গতি ও দিক পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।


এদিকে দেশে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল ৩৬ ডিগ্রি। আবহাওয়া অফিসের হিসাবে কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেটি তাপপ্রবাহের পর্যায়ে ধরা হয়। তবে ঢাকায় একদিনের জন্য ৩৬ ডিগ্রি থাকায় তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। আজ এবং আগামীকালও গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। চলতি মাসে ইতিমধ্যেই তিন দফায় তাপপ্রবাহ বয়ে গেছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।


সম্পর্কিত খবর

;