দ্রুজ জাতিগোষ্ঠী রক্ষায় দামেস্কে ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশ : 17 Jul 2025
দ্রুজ জাতিগোষ্ঠী রক্ষায় দামেস্কে ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল বুধবার (১৬ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের সেনা সদর দফতরে শক্তিশালী বিমান হামলা চালিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ উড়িয়ে দিয়েছে এবং রাষ্ট্রপতি প্রাসাদের কাছেই আক্রমণ করেছে। এর আগে ইসরায়েল, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জাতিগোষ্ঠীর উপর আক্রমণকারী সিরিয়ান বাহিনীকে সেখান থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল।


বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক সমঝোতা থাকার পরও সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থী প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ খুবই তাৎপর্যপূর্ণ।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমাদের দ্রুজ ভাইদের রক্ষা করতে এবং শাসকগোষ্ঠীর সন্ত্রাসী চক্রকে ধ্বংস করতে আমাদের বাহিনী কাজ করছে।'


অন্যদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে 'বিশ্বাসঘাতক আগ্রাসন' বলে মন্তব্য করেছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন, "আমরা সিরিয়ায় সংঘর্ষে জড়িত সকল পক্ষের সাথে আলোচনা করেছি। আমরা আজ রাতে এই উদ্বেগজনক এবং ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে একমত হয়েছি" ।


কূটনীতিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই সংঘাত মোকাবেলায় বৈঠক করবে।


"সিরিয়ার মাটিতে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধের নিন্দা জানাতে হবে পরিষদকে," জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন। তিনি আরো বলেন, "ইসরায়েল তার সীমান্তে, যেকোনো জায়গায় এবং যেকোনো সময় যেকোনো সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ অব্যাহত রাখবে।"


এই সপ্তাহে দ্রুজ অধ্যুষিত সুইডা শহর এবং এর আশেপাশে সহিংসতায় অসংখ্য মানুষ নিহত হয়েছেন, যেখানে দ্রুজ সংখ্যালঘু যোদ্ধারা সিরিয়ান সরকারি নিরাপত্তা বাহিনী এবং বেদুইন উপজাতির সদস্যদের বিরুদ্ধে লড়াই করছেন।


রয়টার্সের সাংবাদিকরা গতকাল দুপুরের মাঝামাঝি সময়ে রাজধানীর উপর দিয়ে যুদ্ধবিমানগুলি উড়তে এবং একের পর এক বিশাল হামলা চালানোর শব্দ শুনতে পান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়, মাটি ধ্বংসস্তূপে ছেয়ে যায়।


সিরিয়ার চিকিৎসা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, মন্ত্রণালয়ে হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।


একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে দামেস্কের সামরিক সদর দপ্তরের প্রবেশপথ এবং রাষ্ট্রপতি প্রাসাদের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে। তিনি আরো জানান যে সিরিয়ার বাহিনী দ্রুজের উপর আক্রমণ প্রতিরোধে কোনো পদক্ষেপ না নিয়ে এই সংকটকে আরো বাড়িয়ে তুলছে।


"আমরা দক্ষিণ সিরিয়াকে সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হতে দেব না," ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন।


ইসলামপন্থী শাসনকে ভয় পাওয়া গোষ্ঠীগুলির গভীর সন্দেহের মুখে শারা সিরিয়াকে আবার একত্রিত করার চ্যালেঞ্জের মুখোমুখি। গত মার্চ মাসে আলাউইত সংখ্যালঘু সদস্যদের গণহত্যা এই অবিশ্বাসকে আরো বাড়িয়ে তোলে।


রোববার সংঘর্ষ শুরু হওয়ার পর  সোমবার, দ্রুজ যোদ্ধা এবং বেদুইন সশস্ত্র ব্যক্তিদের মধ্যে লড়াই বন্ধ করার জন্য সিরিয়ার সরকারি সেনাদের সুইদা অঞ্চলে পাঠানো হয়েছিল। সৈন্যরা শেষ পর্যন্ত দ্রুজ মিলিশিয়াদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।


রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর মতে, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দ্রুজ নেতা শেখ ইউসুফ জারবোর মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা বলার পর শহরে নতুন করে আবার সংঘর্ষ শুরু হয়।


সুইদা বাসিন্দারা জানিয়েছেন যে তারা ঘরের মধ্যে লুকিয়ে আছেন। "আমদেরকে ঘিরে ফেলা হয়েছে এবং আমরা যোদ্ধাদের চিৎকার শুনতে পাচ্ছি ... আমরা খুব ভয় পাচ্ছি," সুইদার একজন বাসিন্দা ফোনে বলেছেন।


বাহিরে গুলির শব্দ শোনা যাচ্ছে। "আমরা শিশুদের চুপ করিয়ে রাখার চেষ্টা করছি যাতে কেউ আমাদের কথা শুনতে না পারে," প্রতিশোধের ভয়ে পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই ব্যক্তি আরো বলেন।


সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে শহরের একটি হাসপাতালে যোদ্ধা এবং বেসামরিক নাগরিক সহ কয়েক ডজন মৃতদেহ পাওয়া গেছে।


সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে এই সপ্তাহের সহিংসতায় ১৬৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো মৃতের সংখ্যা ৩০০ বলে জানিয়েছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।


সম্পর্কিত খবর

;