জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না : আমীরে জামায়াত

প্রকাশ : 15 Nov 2026
জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না : আমীরে জামায়াত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।


শনিবার (১৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


ডা. শফিকুর রহমান বলেন, জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে, প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। চব্বিশের আন্দোলনে আন্দোলনকারীরা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন, ন্যায়বিচার ও নাগরিকদের মৌলিক অধিকার চেয়েছিল। জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐকমত্য পরিষদ ও জুলাই চার্টার হয়েছিল। কিন্তু ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের কথা থাকলেও একটি মানা হয়েছে, আরেকটি মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।


তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ ভাগ মানুষ রায় দেয়নি। গণভোটের রায় উপেক্ষা করা জনগণকে অপমান করা ও নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত বলে তিনি মন্তব্য করেন। সাত দফা দাবি জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অধিকার আদায়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।


আমীরে জামায়াত আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও দখলদারিত্ব যুবসমাজ ও দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

;