দুর্দান্ত শুরু করেও মিডল অর্ডারে ধস

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেটে ৩১৭ বাংলাদেশের

প্রকাশ : 09 Oct 2026
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেটে ৩১৭ বাংলাদেশের

স্টাফ রিপাের্টার: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের দুর্দান্ত শুরুর পরও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডার। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।


শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সতর্ক সূচনা করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। প্রথম সেশনে ২৬ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে বাংলাদেশ।


উদ্বোধনী জুটিতে অর্ধশতরানের গণ্ডি পেরোনোর পর আফগান বোলারদের ওপর চড়াও হন তানজিদ। মাত্র ৪১ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন সাদমানও। দুই ওপেনারের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই শতরানের মাইলফলক পেরিয়ে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করার পর ইসমাত আলমের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। তার ব্যাট থেকে আসে ৮৩ রান।


এরপর অর্ধশতক তুলে নিলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাদমান ইসলাম। ৬৭ রান করে এই ওপেনার ফিরলে ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। এক সময় ২ উইকেটে ২২১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়েছিল বাংলাদেশ, সেখান থেকে ৯৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় টাইগাররা।


সেট হয়েও ৩৯ রান করে ফেরেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২৯ রান। অন্যদিকে, কোনো রান না করেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মাঝে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। মিরাজ ২৪ রান করে আউট হলেও অর্ধশতকের দেখা পান লিটন। তবে ৫৩ রান করে তিনিও সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে টাইগাররা।


দিনের শেষে অপরাজিত আছেন নাঈম হাসান ১১ রানে এবং তাইজুল ইসলাম ৪ রানে। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম ৩ উইকেট নিয়েছেন ৭০ রানে, ইসমাত আলম ২ উইকেট ২০ রানে এবং ইয়ামিন আহমদজাই ২ উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, নাঈম ১১*, হাসান ২, তাইজুল ৪*; সেলিম ৩/৭০, ইসমাত ২/২০, ইয়ামিন ২/৬২)।


সম্পর্কিত খবর

;