কমরেড মোহাম্মদ ফরহাদের ৪০তম প্রয়াণ দিবসে সিপিবির স্মরণসভা

প্রকাশ : 09 Oct 2026
কমরেড মোহাম্মদ ফরহাদের ৪০তম প্রয়াণ দিবসে সিপিবির স্মরণসভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক, ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সাবেক সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পুরানা পল্টনের মুক্তিভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


সিপিবির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং পরিচালনা করেন কেন্দ্রীয় নেতা ত্রিদিব সাহা। স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক এম এম আকাশ, জাতীয় পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন প্রমুখ।


স্মরণসভায় সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদের দেখানো পথে জাতীয় স্বার্থ ও জনগণের সম্পদ রক্ষা এবং বৈষম্যবিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের অঙ্গীকার নিয়ে সিপিবি কাজ করছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সিপিবি কখনো আপস করেনি। হামলা-মামলা-নির্যাতন করে সিপিবিকে দমন করা যাবে না। জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সম্পদ রক্ষার প্রশ্নে এবং দেশের স্বার্থবিরোধী যেকোনো চুক্তি, সিদ্ধান্ত ও তৎপরতার বিরুদ্ধে সিপিবি যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করে তার প্রতিবাদ ও সংগ্রাম অব্যাহত রাখবে। জনগণের সম্পদ ও জাতীয় স্বার্থকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির স্বার্থে বিপন্ন করতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের পথ হলো জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে বৈষম্য, শোষণ ও লুটপাটের অবসান ঘটাতে হবে। একটি কমিশনভোগী গোষ্ঠী জনগণের জীবন-জীবিকা, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নকে পাশ কাটিয়ে উন্নয়নের ভুয়া পরিসংখ্যান ও বিদেশি বিনিয়োগের অসত্য তথ্য দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে।


সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ আমাদের শিখিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে আদর্শ ও নীতিতে অবিচল থেকে কিভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হয়। তাঁর দেখানো পথেই সিপিবি জাতীয় স্বার্থ রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে চলমান দুঃশাসন, অন্যায়, দমন-পীড়ন ও জনগণের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে যখন পুলিশ বর্বর নির্যাতন চালায় এবং সিপিবি সভাপতি আহত হন, তখন বুঝতে হবে সরকার রাষ্ট্রীয় দমনযন্ত্র ভালোভাবে আয়ত্ত করেছে।


কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, সাম্প্রদায়িকতা, নারী-বিদ্বেষ, জাতিগত বৈষম্য ও ভিন্নমত দমনের প্রবণতা একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের পথে গুরুতর বাধা। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, লিঙ্গ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে কমরেড ফরহাদের দেখানো পথ ধরে এগিয়ে নিতে হবে।


অধ্যাপক এম এম আকাশ বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে কমরেড মোহাম্মদ ফরহাদ তাঁর গোটা জীবন ব্যয় করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তান পর্বে স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মহান ভাষা আন্দোলন, ৫৮-র সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন। নতুন প্রজন্মকে এই সংগ্রাম অব্যাহত রাখার দায়িত্ব নিতে হবে।


এদিন সকাল ৮টায় বনানী কবরস্থানে কমরেড মোহাম্মদ ফরহাদের সমাধিতে সিপিবিসহ বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তিবর্গ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, কমরেড মোহাম্মদ ফরহাদ ১৯৩৮ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালের ৯ অক্টোবর মাত্র ৪৯ বছর বয়সে মস্কোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত খবর

;