বিশেষ প্রতিনিধি, দিল্লী: ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগর এলাকার একটি আবাসিক হোটেলে আজ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। এদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে এসে ওই হোটেলে অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে জ্বলন্ত ভবন থেকে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ৩৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মালব্য নগরের হাউজ রানি এলাকার ফ্লোরিশ স্টে বি অ্যান্ড বি হোটেলের বেজমেন্টে থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পাঁচতলা ভবনটির বেজমেন্টে আগুন লাগার পর তা দ্রুত পাশের মিকাসা ইন নামের আরেকটি হোটেলেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইঞ্জিনসহ দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকল ও অন্যান্য ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযানের সময় ধোঁয়ায় আটকা পড়া বেশ কয়েকজন অতিথি জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ম্যাক্স হাসপাতাল, সাকেত জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর তাদের জরুরি বিভাগে ৩৯ জন রোগীকে আনা হয়। এর মধ্যে ১৮ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ভর্তি ১৫ জনের মধ্যে ৮ জন ভেন্টিলেটর সাপোর্টে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এবং দগ্ধ একজনকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে শ্বাসরোধ, বিভিন্ন মাত্রার পোড়া ও হাড় ভাঙার উপসর্গ দেখা গেছে।
আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেজমেন্টের রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত। দিল্লি পুলিশ এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য একটিই মাত্র পথ ছিল এবং ফায়ার এনওসি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্ট চালু ছিল এবং আগুনের সঙ্গে সেটির সংযোগ থাকার সম্ভাবনা বেশি।
অগ্নিকাণ্ডের পর ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সংস্থা ইউএনআই জানিয়েছে, ওই হোটেলের মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি থাকলেও ঘটনার সময় প্রায় ২৫টি কক্ষে ৪০ জনের মতো অতিথি ছিলেন। ভবনটিতে পর্যাপ্ত জরুরি নির্গমন পথ ও সরু জানালার অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লি পুলিশের আওতাধীন সাকেত থানা এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার তদন্তে একাধিক সংস্থা কাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালব্য নগরের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলেও ভবনটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে যাতে কেউ আটকা পড়ে না থাকেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান ১২ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের বিষয়ে চুক্তি চূড়ান্ত করেছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান দরকষাকারী মোহাম্মদ বাকের গালিবাফ। তিন ...
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়েছিলেন কিয়ার স্টারমার। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ালেও মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে দেশের ভেতর কয়ে ...
স্টাফ রিপোর্টার: শেনজেনভুক্ত কোনো দেশের ভিসাধারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট দেশে অবস্থান করলে শেনজেন এলাকায় প্ ...
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনা ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতির’ মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। সো ...
সব মন্তব্য
No Comments