মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা হ্রাস

প্রকাশ : 03 Jul 2025
মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা হ্রাস

চিপ সফটওয়্যার এবং ইথেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার


সামসুল আলম সজ্জন: চিপ ডিজাইন সফটওয়্যার ডেভেলপার এবং ইথেন উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য চীনে প্রযুক্তি-পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যা মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা হ্রাসের আরও একটি লক্ষণ।

সংবাদ সংস্থা রয়টার্স বুধবার ( ৩ জুলাই ) এ খবর দিয়েছে।


সংবাদ সংস্থাটি প্রতিবেদনে জানান,  সিনোপসিস (SNPS.O), ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস (CDNS.O) এবং সিমেন্স (SIEGn.DE), বিশ্বের এই তিনটি বৃহত্তম ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (EDA) সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বুধবার জানিয়েছে যে, তারা চীনের গ্রাহকদের জন্য তাদের সফটওয়্যার এবং প্রযুক্তিতে প্রবেশাধিকারের বিষয়টি পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করছে।


এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসের শেষের দিকে এবং জুন মাসে চীনে রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞামূলক লাইসেন্সিং বাধ্যবাধকতা প্রত্যাহারের জন্য ইথেন উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে চিঠি পাঠিয়েছিল।


এপ্রিল মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ (রেয়ার আর্থ) এবং তৎ-সংশ্লিষ্ট চুম্বক রপ্তানি স্থগিতের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন EDA সফটওয়্যার ডেভেলপার এবং ইথেন উৎপাদকদের উপর বিধিনিষেধ আরোপ করেছিল।


ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক-নীতির বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বেইজিংয়ের বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধের পদক্ষেপ বিভিন্ন গাড়ি নির্মাতা, মহাকাশ নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক ঠিকাদার কোম্পানিগুলোকে যথেষ্ট বিপদে ফেলেছে।


শুক্রবার, চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর, উভয় পক্ষ এমন একটি কাঠামো নিশ্চিত করেছে যার অধীনে চীন নিয়ন্ত্রিত পণ্যের জন্য রপ্তানি আবেদন পর্যালোচনা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিধিনিষেধমূলক ব্যবস্থা বাতিল করবে।


"যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে এগিয়ে এসেছে। বিরল খনিজ রপ্তানি বিষয়ে চীনাদের পিছু হটানোর জন্যই মূলত তারা (ট্রাম্প প্রশাসন) চীনের আরও অনেক পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছে," মার্কিন সরকারের অভ্যন্তরীন নীতি নির্ধারকদের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র এরকমটা জানিয়েছে।


গণমাধ্যমের সাথে কথা বলার জন্য অনুমোদিত নয় এবং নাম প্রকাশে অনিচ্ছুক উল্লিখিত গোপন সূত্রের মাধ্যমে আরো জানা যায়, "যুক্তরাষ্ট্র এবং চীন এই কাঠামো চুক্তি মেনে চলার সাথে সাথে, আমরা এই বিধিনিষেধগুলির অনেকগুলি প্রত্যাহার দেখতে পাব। ফেব্রুয়ারি/মার্চ মাসে আমাদের যেরকম বাণিজ্য সম্পর্ক ছিল আমরা আবার সে অবস্থায় ফেরত যাচ্ছি," ।


অপরদিকে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন বাণিজ্য বিভাগ সম্প্রতি চীনের গ্রাহকদের জন্য রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ আর কার্যকর নেই বলে অবহিত করার পর তারা চীনা গ্রাহকদের জন্য তাদের পণ্য বিক্রয় এবং বিক্রয়-সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করেছে।


বৃহস্পতিবার বাজার খোলার পর সিমেন্সের শেয়ারের দাম ১.৭% বেড়েছে।


সিনোপসিস কর্তৃপক্ষের কাছ থেকে তাদের নিজস্ব কর্মীদের কাছে লেখা কোম্পানির চিঠি অনুসারে, তিন কার্যদিবসের মধ্যে চীনা গ্রাহকদের তাদের প্রযুক্তিতে প্রবেশাধিকার (অ্যাক্সেস) এবং সহায়তা পুনরুদ্ধারের জন্য সিস্টেম আপডেট সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


EDA সফ্টওয়্যারে চীনাদের প্রবেশাধিকারের উপর দীর্ঘমেয়াদী বিধিনিষেধ চীনের চিপ ডিজাইন শিল্পকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করত। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এপ্রিল মাসে রিপোর্ট করেছিল, সিনোপসিস, ক্যাডেন্স এবং সিমেন্স চীনের EDA বাজারের ৭০% এরও বেশি নিয়ন্ত্রণ করে।


মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে এখনও স্পষ্ট নয়। এর মধ্যে রয়েছে চীনা বিমান নির্মাতা COMAC (CMAFC.UL) এর C919 বিমানের জন্য জেট ইঞ্জিন পাঠানোর জন্য GE Aerospace-এর লাইসেন্স স্থগিত করা এবং চীনা বিদ্যুৎ কেন্দ্রগুলিতে পারমাণবিক সরঞ্জাম সরবরাহকারীদের বিক্রি করার লাইসেন্স স্থগিত করা প্রভৃতি।


যুক্তরাষ্ট্র ও চীনের এই সকল পদক্ষেপ আপাতত ইতিবাচক বাণিজ্য পরিবেশের লক্ষ্যে অগ্রগতির ইঙ্গিত দিলেও ভবিষ্যৎই বলে দিবে এর সুফল কারা কতটুকু ভোগ করবে!


সম্পর্কিত খবর

;