সৌদি প্রবাসীদের সতর্কবার্তা, সোশ্যাল মিডিয়ায় আইনবিরোধী পোস্টে লাইক-শেয়ার নয়

প্রকাশ : 28 Sep 2026
সৌদি প্রবাসীদের সতর্কবার্তা, সোশ্যাল মিডিয়ায় আইনবিরোধী পোস্টে লাইক-শেয়ার নয়

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।


সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার সুরক্ষা, নিরাপদ প্রবাসজীবন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কনস্যুলেট কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বৃহত্তর স্বার্থে সৌদি আরবের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে কর্মস্থলে যোগদানের সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।


আইনি জটিলতা এড়াতে নিজের ইকামা ব্যবহার করে কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ কেনাবেচা কিংবা নিবন্ধন না করার জন্যও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।


এ ছাড়া স্থানীয় আইন অনুযায়ী দণ্ডনীয় বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য অঞ্চল বা প্রতিষ্ঠানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।


অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যথাযথ উদ্দেশ্য ও পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।


কনস্যুলেট বলেছে, প্রবাসীদের সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেও সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


সম্পর্কিত খবর

;