মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে সম্মিলিত গণপ্রতিবাদ

প্রকাশ : 07 Jun 2026
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে সম্মিলিত গণপ্রতিবাদ

স্টাফ রিপোর্টার: আজ রবিবার ৭ জুন ২০২৬ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে 'সম্মিলিত গণপ্রতিবাদ' অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, নারী, ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনসহ অ্যাক্টিভিস্ট ও ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।


গণপ্রতিবাদে অংশ নেয় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যভুক্ত সংগঠনসমূহ, গণতান্ত্রিক ছাত্র জোট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী নারী ফোরাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ, মওলানা ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার, শ্রেণী সংগ্রামের পথে, শহীদ রুমী স্মৃতি পাঠাগার, শহীদ বুদ্ধিজীবি স্মৃতি পাঠাগার, দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ, প্রাকৃত সমাজ, গাছ রক্ষা আন্দোলন, গান ও নাটকের দল সহজিয়া, সমগীত, প্রাচ্যনাট, বটতলা, কোরাস, নেটওয়ার্ক ফর পিপলস একশন (এনপিএ), ডাইভার্স ফেমিনিস্ট, দরদ, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। এছাড়া ব্যক্তি পর্যায়ে উপস্থিত ছিলেন ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্যসচিব অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুশতাক আহমেদ, শ্রমিক নেতা মানস নন্দী, শহীদুল ইসলাম সবুজ, শামীম ইমাম, শিল্পী ওয়ারদা আশরাফ, অরূপ রাহী, হুমায়ুন আজম রেওয়াজ, কবি হাসান ফকরি, চলচিত্র নির্মাতা আকরাম খান, শিল্পী রাজু আহমেদ, শিক্ষক ও গবেষক মাহা মির্জা এবং রাজনৈতিক নেতা রজত হুদা।


গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে ও গবেষক মাহতাব উদ্দীন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, নারী নেত্রী সীমা দত্ত, গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক দিলীপ রায়, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক রুশাদ ফরিদী, অধ্যাপক ডা. শাকিল আখতার, আইনজীবি মানজুর আল মতিন, লেখক পাভেল পার্থ, এনপিএ সদস্য বাকী বিল্লাহ এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক জামশেদ আনোয়ার তপন। বক্তারা অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা প্রধানমন্ত্রী, স্পীকার ও সংসদ সদস্যদের উদ্দেশে খোলাচিঠি পাঠ করেন।


কর্মসূচিতে গানের দল কোরাস ও সমগীত সাম্রাজ্যবাদ বিরোধী গান পরিবেশন করে এবং নাট্যদল প্রাচ্যনাটের নাটকের মধ্য দিয়ে গণপ্রতিবাদ শেষ হয়। পরে মোশাহিদা সুলতানা ঋতু, মাহতাব উদ্দীন এবং ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ সচিবালয়ে খোলাচিঠি পৌঁছে দেন।


সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এই মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি উল্লেখ করেন, চুক্তি বাস্তবায়ন হলে দেশের কৃষি, শিল্প, পোল্ট্রি, ডেইরি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত ক্ষতির সম্মুখীন হবে এবং রাজস্ব আয়ে ধাক্কা লাগবে। তিনি ড. ইউনুস, খলিলুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই চুক্তি স্বাক্ষরের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানান। পাশাপাশি নির্বাচিত ক্ষমতাসীন সরকারের নিশ্চুপ থাকার সমালোচনা করে বলেন, এই চুক্তির ফলে যে বিপর্যয় দেখা দেবে তার দায় তাদের নিতে হবে। তিনি মার্কিন, ভারত, রাশিয়া, চীনসহ সকল সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত হয়ে দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান এবং এই চুক্তির বিরুদ্ধে সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে একতাবদ্ধ হওয়ার আওয়াজ দেন। আগামী জুলাই মাসে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে মহাসমাবেশের ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।


সম্পর্কিত খবর

;