সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বভাস

প্রকাশ : 25 Sep 2026
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বভাস

স্টাফ রিপোর্টার: দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।


আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


বর্ধিত পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার পর্যন্ত সারাদেশে একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।


ঢাকায় আজকের আবহাওয়া: আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%। বাতাসের গতি ও দিক পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি.। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৫টা ৪৮ মিনিটে। ঢাকায় আজ বিকেল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে অফিসগামী ও স্কুল-কলেজগামী মানুষের ভোগান্তি বাড়তে পারে।


সম্পর্কিত খবর

;