নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

প্রকাশ : 25 Sep 2026
নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ খাতে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।


বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (BSREA) সভাপতি মোস্তফা আল মাহমুদ নিউইয়র্কে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, সেমিনার ও কর্মশালায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও জলবায়ু ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন।


বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত Renewable Energy Roundtable-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। গোলটেবিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। বক্তব্য রাখেন গ্লোবাল সোলার কাউন্সিলের (GSC) সিইও ড্যানি কেনেডি এবং রিনিউয়েবল এনার্জি কাউন্সিল এশিয়া-প্যাসিফিকের (RECAP) জন গ্রাইমসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।


আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, অথচ বৈশ্বিক সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য। তাই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ন্যায্য অধিকার, অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা জরুরি।


বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ কোনো দয়া বা অনুদান চাইছে না; বরং জলবায়ু ন্যায়বিচারের ভিত্তিতে ন্যায্য অধিকার ও সহযোগিতা প্রত্যাশা করছে।


একই সঙ্গে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু খাতের নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতকে আরও টেকসই ও আধুনিক করার সুযোগ রয়েছে বলে তুলে ধরা হয়।


জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং অংশীদারদের মধ্যে সমন্বয় তৈরিতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ক্লাইমেট উইকের ফাঁকে Global Solar Council এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি খাতের নেতৃত্বের সঙ্গে Invest Bangladesh-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ খাতের সুযোগ এবং যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


এদিকে BSREA, Invest Bangladesh এবং বিদ্যুৎ বিভাগ যৌথভাবে শিগগিরই একটি আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করার উদ্যোগ নিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, বিশেষজ্ঞ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।


উদ্যোক্তাদের প্রত্যাশা, এ ধরনের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা বিশ্বব্যাপী আরও দৃশ্যমান হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।


ক্লাইমেট উইকের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো সামনে আনা হয়েছে। এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে এবং বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;