ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ ও বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা

প্রকাশ : 27 Sep 2026
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ ও বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (‘ক্লিনিং ডে’) পরিচালিত হয়েছে।


ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অঞ্চলভিত্তিক এই অভিযান পরিচালিত হয়।

​আজ সকালে রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সিটি কর্পোরেশন সপ্তাহে ৭ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।" এ সময় সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।


​ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একইভাবে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশক নিধন জোরদার করা এবং নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।



​আজকের কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। তদারকিকালে জমে থাকা পানি অপসারণ ও এডিসের লার্ভা পাওয়া গেলে তা তৎক্ষণাৎ ধ্বংস করা হয়। একই সাথে পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টব অপসারণ করা হয়। অভিযানকালে এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগের পাশাপাশি জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।


​নাগরিকদের সম্পৃক্ত করতে আজ ৭৫টি ওয়ার্ডেই একযোগে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এসব র‍্যালি থেকে বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


​ডেঙ্গুর ঝুঁকি থেকে নগরীকে মুক্ত রাখতে ডিএসসিসি কর্তৃপক্ষ সকল নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য জোর আহ্বান জানিয়েছে।

                                                         


সম্পর্কিত খবর

শিরোনাম:
;