স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণ নির্ভরতার বাজেট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এবারের বাজেট সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের এক কঠিন পরীক্ষার নাম।
শনিবার ১৩ জুন দুপুরে গুলশানের নিজ বাসভবনে বাজেটের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাস্তবিক অর্থে আমরা একটা কঠিন সময় পার করছি। এই কঠিন সময়কে মোকাবিলা করার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করতে হয়েছে। ফলে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য সরকারকে বিশাল প্রতিশ্রুতি দিতে হয়েছে। কিন্তু বাস্তবতায় রয়ে গেছে রাজস্বের দুর্বল ভিত্তি।
তিনি বলেন, বাজেটকে একদিকে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিমুখী একটি উচ্চাভিলাষী বাজেট বলা যায়। অন্যদিকে, এর প্রধান দুর্বলতা হলো রাজস্ব আহরণের অনিশ্চয়তা, বড় ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনার অস্পষ্টতা। নিঃসন্দেহে এ বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য শুধু অর্থনৈতিক পরিকল্পনা যথেষ্ট নয়, এর পাশাপাশি সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং অন্যায়ভাবে নেতাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দ্রুত এসব মামলা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেবে।
রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মিতব্যয়িতার দৃষ্টান্ত স্থাপন করছেন। অপ্রয়োজনীয় বিদেশ সফর সীমিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগও ইতিবাচক। তবে তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে সাড়ে ছয় শতাধিক নিষ্পাপ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা সভ্য সমাজে কোনভাবেই মেনে নেয়া যায় না।
লিখিত বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগে বাজেট ঘোষণার পর বিরোধী দলগুলো নিয়মিত বিরোধিতা করত। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আশা করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু এবারের বাজেট ঘোষণার পর বিরোধী দলগুলো আগের মতোই বিক্ষোভ ও বিরোধিতার পথ বেছে নিয়েছে, যা গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনকল্যাণমুখী প্রচেষ্টা বাজেটে রয়েছে, কিন্তু সক্ষমতা সীমিত। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে ঘোষিত এই বাজেট বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংগ্রহ, ভর্তুকির চাপ সামাল দেওয়া, উন্নয়ন প্রকল্পে অর্থ সঞ্চালন নিশ্চিত করা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করাই মূল চ্যালেঞ্জ।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments