ফরিদপুর জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জে ফের লংমার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শিগগিরই লংমার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরে আসব।’ এ ছাড়া তিনি গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্তা না করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফরিদপুরে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা ইসলাম দোলা।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জের ফ্যাসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।’
নাহিদ অন্তর্বর্তী সরকারের কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। গতকাল চারজন বিচারবহির্ভূতভাবে মারা গেছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি, গ্রেপ্তার হচ্ছে না। গ্রেপ্তার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে। আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি। বিচার না হওয়া পর্যন্ত ফিরব না।’
নাহিদ আরও বলেন, ‘অবিলম্বে আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে শিগগিরই লংমার্চ করব। আমরা ফিরে আসার জন্য লংমার্চ করব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরব।’ এ সময় তিনি জুলাই পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবেন বলে জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির কেন্দ্রীয় সদস্য তৌহিদ আহমেদ আশিক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক মাজহারুল ইসলাম।
এ সময় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments