মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনার পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার, ২১ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। একাধিক গণমাধ্যমে চিঠির বিষয়বস্তু প্রকাশিত হওয়ায় ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। তবে চিঠিটি কবে, কে লিখেছেন, তা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ দানবাক্সটি টানা ৪ মাস ২৪ দিন বন্ধ ছিল।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’
একইসঙ্গে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
আজ সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দানবাক্স থেকে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এর সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়। গণনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থী, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা, যা তখন পর্যন্ত মসজিদের ইতিহাসে সর্বোচ্চ ছিল। এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত এবারের চূড়ান্ত অঙ্ক জানা যাবে না।
মসজিদ সূত্রে জানা গেছে, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। অনলাইনে দান হিসেবে আরও প্রায় ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা জমা হয়েছে। দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পর পর খোলা হয়। তবে দানের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি আরও তিনটি বাক্স বাড়ানো হয়েছে, ফলে এবার ব্যবধান কিছুটা বেশি হয়েছে।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহর কাছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য লেখা চিঠিও যেন তেমনই এক নিদর্শন। মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন।
মসজিদটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এখানে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও দান করেন। দানের টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে রংপুরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চাহিদা অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :মবরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্ ...
সব মন্তব্য
No Comments