রাজধানী ঢাকাসহ ৪ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত

প্রকাশ : 04 Oct 2026
রাজধানী ঢাকাসহ ৪ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত

স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর বিদায়ের মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা ও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় রাজধানীসহ দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার মধ্যেই তাপদাহের অনুভূতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার (০৪ অক্টোবর ২০২৬) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 


তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কার কথা জানিয়েছে অধিদপ্তর, তবে আজকের জন্য অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত নেই। 


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৫ টা ৫২ মিনিটে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকলেও ৭ অক্টোবর থেকে তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;