ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশ : 07 Sep 2026
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রংপুর অফিস: দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৮৬ একর জমির ওপর দেশের ৫১তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী কার্যালয় শহরের নরেশ চৌহান সড়কে রয়েছে।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, সংঘাত নয়, সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।


ফলক উন্মোচন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত ও দোয়া করেন এবং নির্ধারিত সময়ে উন্নত মান বজায় রেখে অবকাঠামো নির্মাণের আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ পদস্থ কর্মকর্তাগণ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;