ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৫৫+ বিষয়ের উপর ৩০০+ বই। সে ধারাবাহিকতায় আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রকাশিত হলো—
* রচনাবলি
◉ ৪ খণ্ড মধুসূদন-রচনাবলি
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য (নিয়মিত বাঁধাই) : ৩৫০০ টাকা
মূল্য (রেক্সিন বাঁধাই) : ৩৯০০ টাকা
‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন’—এমন কালজয়ী পঙক্তি রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে যার অবস্থান চিরকালীন, নাটক দিয়ে সাহিত্য যাত্রা শুরু হলেও যিনি ‘মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যের জন্য চির নন্দিত, তিনি ঊনবিংশ শতাব্দীর প্রধানতম বাংলার কবি, বাঙালির কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
মধুসূদন-রচনাবলিতে থাকছে মাইকেল মধুসূদনের মহাকাব্য, চতুর্দশপদী কবিতাবলি, নাটক-প্রহসন, গদ্যরচনা, ভাষণ, চিঠিপত্র ও ইংরেজি রচনা।
* বিষয় জুলাই গণঅভ্যুত্থান (দিনলিপি)
◉ #জুলাইবিপ্লব
—ফারজানা মাহবুবা
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
মূল্য : ২৫০ টাকা।
৩৬ জুলাই ২০২৪। তখনো কেউ শিউর না হাসিনা কি সত্যি পালিয়েছে কি না। আমরা প্রচণ্ড কনফিউশন নিয়ে স্ক্রিনের সাথে লেগে আছি! এর মধ্যে হোয়াটস্অ্যাপে নাদিয়ার ভিডিও মেসেজ আসল। ভিডিওতে দেখি ওর এক পায়ে জুতা আছে, আরেক পায়ে নাই! নাদিয়ার এক পায়ের জুতা ভিড়ে হারিয়ে গেছে। এই অবস্থাতেই নাদিয়া ভিড়ের সাথে বিজয়মিছিলে হাঁটছে, খুশিতে দৌড়াচ্ছে!
এদিকে সিডনিতে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি শেষ! আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সত্যি সত্যি শেষ হয়েছে! স্বাধীনতা আসলেই এসেছে! এই বই জুলাইয়ের সেই অবিশ্বাস্য দিনগুলোতে আমাদের অনলাইন একটিভিজমের গল্প। এই বই সেই সময়ের গল্প যখন দেশ স্বাধীন হলে মানুষ খুশিতে এক পায়ে জুতা নিয়েই বিজয় মিছিলে দৌড়ায়!
* আত্মজীবনী/স্মৃতিকথা
◉ স্মৃতিসুধা
মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান
ড. মিজানুর রহমানের কর্মময় জীবনের আত্ম-আলেখ্য।
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৩৮০ টাকা।
জীবনের দীর্ঘ পথে হেঁটে আসার গল্প নিয়ে রচিত 'স্মৃতিসুধা'। লেখক ১৯৫৬ সালে মফস্সলে জন্ম নিয়ে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন। জীবনের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ, বিচিত্র অভিজ্ঞতা, আনন্দ-বেদনার স্মৃতিগুলোই এ বইয়ের মূল উপজীব্য। লেখকের স্মৃতির জানালায় উঁকি দেয় দুধ-বিক্রেতা, রুশ তরুণী, ১৯৭১-এর শহিদের মৃতদেহ কিংবা ধানের বোঝা নিয়ে পথে চলা এক কৃষক- যাদের প্রত্যেকের জীবন একেকটি গল্প, একেকটি উপন্যাস।
এই বই শুধু লেখকের নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা সাধারণ ও অসাধারণ মানুষেরও আখ্যান। প্রত্যেক জীবনের গল্পের ভিন্নতা ও গভীরতা পাঠককে ভাবাবে। লেখক বারবার খুঁজে ফেরেন সেই মুখগুলো, যারা তাঁর জীবনের অংশ ছিল বা হতে পারত।
নিজ জীবনের আখ্যান হলেও, পাঠক অবচেতন মনেই পাবেন মুক্তিযুদ্ধ-পূর্ব পূর্ব বাংলার আর্থসামাজিক অবস্থার চালচিত্র, ধর্মীয় পরিচয় ডিঙিয়ে "বাঙালির” অসাম্প্রদায়িক আত্মপরিচয়, মফস্সলে জন্ম নেওয়া এক বাঙালির বিশ্ব নাগরিক হয়ে ওঠার মনোজ্ঞ গল্প। এ বইতে জীবনকে নতুন করে দেখা, উপলব্ধি করা এবং তার সৌন্দর্য খুঁজে পাওয়ার এক নিখুঁত বর্ণনা পাওয়া যাবে। যা পাঠককে ভাবাবে, আলোড়িত করবে- জীবন ছোট হলেও তা কত বৈচিত্র্যপূর্ণ!
* মূল্যায়ন
◉ বাংলাদেশের উর্দু সাহিত্য
—আসাদ চৌধুরী
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ৩৩০ টাকা।
আমৃত্যু আসাদ চৌধুরী ছিলেন বাংলাদেশে উর্দু সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক এবং অকৃত্রিম অনুরাগী। তিনি বাংলাদেশি উর্দু কবিদের সুপ্রচুর কবিতা অনুবাদ করেছেন এবং এখানকার উর্দুভাষী কবি-লেখকদের মূলধারার সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুর কিছু আগে ঐতিহ্য'কে দিয়ে যাওয়া এই পাণ্ডুলিপি বাংলাদেশে উর্দু সাহিত্যচর্চায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
* ঐতিহ্য ২৪ বছর : বাংলা ক্ল্যাসিক
◉ শিক্ষা
—রবীন্দ্রনাথ ঠাকুর
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৬০ টাকা
◉ প্রেম একটি লাল গোলাপ
—রশীদ করীম
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৩০০ টাকা।
* উপন্যাস
◉ চারণভূমি
—হাসনাত আবদুল হাই
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২২০ টাকা।
ফিলিস্তিন অনেকদিন থেকেই তাদের ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে। মুক্তিকামী ফিলিস্তিন তাদের ভূখণ্ডের জন্য বোমারু বিমান, জাহাজ আর ট্যাংকের বিপরীতে শুধু গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা শহিদ হচ্ছেন ঝাঁকে ঝাঁকে, তবুও নিজের ‘চারণভূমি’কে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের এই আত্মত্যাগের সংগ্রাম নিয়েই প্রখ্যাত কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের নতুন উপন্যাস—চারণভূমি। বর্বরোচিত ইসরায়েলের হামলার শিকার হয়ে কীভাবে একের পর এক শহিদ হচ্ছেন ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশু, তার করুণ চিত্র লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে।
* কবিতা
◉ রুবাইয়াৎ-ই-মঈন মুনতাসীর
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ১৫০ টাকা।
আশেক যদি মাশুক চেনে, জগৎ চেনা দায় বা কী!
আত্মাকে ঠিক শূন্যে তুলে—বুকের ভেতর দে ঝাঁকি
স্বর্গ বলিস—নরক বলিস—সব জলসার শাহেনশাহ সে
তাঁর দরগায় শিরনি দে তুই—নইলে যে তোর সব ফাঁকি!
* গল্প
◉ ঢাকার গল্প
—মুম রহমান
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১৬০ টাকা।
সারা বছরে কোনো রকম পাঁচ-দশটা গল্প হলেই একটা গল্প সংকলন করেন না মুম রহমান। মুম রহমান বরাবরই একটা বিষয়, একটা নির্দিষ্ট ধরন কিংবা ধারণা দিয়েই একটা গল্পের বই সাজান। গল্প সংকলন নয়, তার গল্পের বই যথার্থই একটা পূর্ণাঙ্গ বই। এবার তার গল্পের বিষয় আর ভাবনা জুড়ে রয়েছে ঢাকা শহর। এই শহরের সুখ আর অসুখ, প্রেম আর ঘৃণা তাকে ভাবিয়েছে গভীরভাবে।
* অনুবাদ
◉ হোয়াইট মোগলস
মূল : উইলিয়াম ড্যালরিম্পেল
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
মূল্য : ৭৪০ টাকা।
ব্রিটিশ রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল জেমস অ্যাচিলেস কার্কপ্যাট্রিক হায়দারাবাদের দরবারে ব্রিটিশ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। কার্কপ্যাট্রিক দৃশ্যত হায়দারাবাদী পোশাক পরিধান করতেন এবং তার জীবনধারাও হায়দারাবারে অধিবাসীদের মতো ছিল। তিনি হায়দারাবাদে পৌঁছার অল্প কিছুদিন পরই দিওয়ানের (প্রধানমন্ত্রী) ভাগ্নি খায়রুন্নিসার প্রেমে পড়েন এবং মুসলিম আইন ও রীতি অনুসারে তাকে বিয়ে করেন।
খায়রুন্নিসা সারাজীবন কঠোর পর্দার মধ্যে বাস করেছেন এবং কার্কপ্যাট্রিকের উদ্যানের পেছনে পৃথক একটি 'বিবিঘরে' থাকতেন।
কার্কপ্যাট্রিকের বিয়েসংক্রান্ত কেলেঙ্কারি সত্ত্বেও তিনি হায়দারাবাদে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি লোকজনের সঙ্গে অবাধে মেলামেশা করতেন এবং শহরের বাসিনদের আচার-আচরণ আয়ত্ত করেছিলেন। কার্কপ্যাট্রিকের রাজনৈতিক আনুগত্য ব্রিটিশের তুলনায় 'নিজাম' অর্থাৎ হায়দারাবাদের শাসকের প্রতি বেশি ছিল। এই কাহিনির কোনো কিছুই কখনো ইংরেজিতে অনুবাদ হয়নি এবং এই ভূখণ্ডে ঊনবিংশ শতাব্দীর দাক্ষিণাত্যের উর্দু অথবা ভারতীয় ধাঁচের ফারসিতে লেখা পাণ্ডুলিপি, যা গুটিকয়েক প্রবীণ হায়দারাবাদী ইসলামি চিন্তাবিদ ছাড়া আর কারো পক্ষে পাঠোদ্ধার করা তখন সম্ভব ছিল না।
তিন প্রজন্ম ধরে খ্রিষ্টবাদ ও ইসলামের মধ্যে বিভক্ত একটি পরিবার, যারে অনেকে আবার নিজ ধর্মে ফিরে গেছে, স্যুট ও সালোয়ারের ব্যবহার, মোগল হায়দারাবাদ ও লন্ডনের রিজেন্সি, সবকিছু প্রচুর প্রশ্নের সৃষ্টি করেছে। ব্রিটিশ এবং তাদের সাম্রাজ্যের প্রকৃতি, তাদের বিশ্বাস এবং ব্যক্তিগত পরিচিতি ইত্যাদি। ধর্ম, বংশ ও জাতীয়তাবাদের সহজ পরিচিত দ্বারা প্রভাবিত হয়েছেন ইতিহাসবিদরা, যার ফলে ইতিহাস বিস্ময়করভাবে অস্থিতিশীল। তবুও লেখককে যা মুগ্ধ করেছে তা হচ্ছে, কার্কপ্যাট্রিকের কাহিনি ঘিরে তৈরি দলিলপত্র দেশে ও বিদেশের নানা স্থানের দুর্লভ লেখা, চিঠি, নথি রেফারেন্স ইত্যাদি ঘেঁটে তৈরি হয়েছে এই বইয়ের পাণ্ডুলিপি। দীর্ঘ এক শ্রমসিদ্ধ গবেষণা আর সাহিত্যের আবেগ দিয়ে তৈরি এই উপন্যাস নিঃসন্দেহে যেকোনো ইতিহাসমনস্ক পাঠককে আলোড়িত করবে।
◉ রক্তবীজ
মূল : পিটার ট্রিমেন
অনুবাদ : খসরু চৌধুরী
মূল্য : ২২০ টাকা।
এটা হরর উপন্যাস; অর্থাৎ, এখানে আছে সেই ধরনের বিষয়বস্তু যা পাঠকের মনে আতঙ্ক জাগাবে। পৃথিবীর আতঙ্ক-জাগানো উপন্যাসগুলোর শীর্ষে রয়েছে ব্রাম স্টোকার-এর ‘ড্রাকুলা।’
পিটার ট্রিমেন-এর ‘রক্তবীজ’ও ড্রাকুলারই কাহিনি, যার মূল চরিত্র হিসেবে বিদ্যমান অন্ধকারের যুবরাজ কাউন্ট ড্রাকুলা, রচিতও হয়েছে ব্রাম স্টোকার-এর উপন্যাসটির মতো একই স্থান-ট্রানসিলভেনিয়াকে কেন্দ্র করে, কেবল এটার সময়কাল ‘ড্রাকুলা’-রও তিন শতাব্দী পূর্বের।
পাঠকদের প্রতি এই উপন্যাসের অনুবাদক খসরু চৌধুরীর পরামর্শ, ‘এমন একটা সময় হিসেব করে পড়তে বসুন যেন বইটা শেষ হয়ে যায় মাঝরাত বা তারও খানিকটা পরে। কেবল এ-কথা বলা আমার পক্ষে সম্ভব নয় যে তখন কেউ টান দেবে কি না আপনার বিছানার চাদর ধরে, কিংবা আপনি শুয়ে থাকা সত্ত্বেও আপনা-আপনি নিভে যাবে কি না ঘরের বাতি!’
* চলচ্চিত্র
◉ এ কিউব অফ সুগার
মূল : রেজা মির কারিমি
মোহাম্মদ রেজা গোওহারি
মূল ফারসি থেকে অনুবাদ : মুমিত আল রশিদ
প্রচ্ছদ : নাওয়াজ মারজান
মূল্য : ১৬০ টাকা।
দর্শকদের জন্য 'এ কিউব অফ সুগার' এমন একটি চলচ্চিত্র, যেখানে প্রতিটি প্রেক্ষাপট সহজসরল গল্প হিসেবে প্রতীয়মান হয়। সংলাপের পিঠে সংলাপ, একটির পর একটি ঘটনা দ্রুত ঘটে যাওয়া চলচ্চিত্রটির ভাষা বুঝতে না পারা দর্শকদের জন্য অত্যন্ত কঠিন একটি চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে ইরানি বিয়ে উৎসব, মৃত্যুশোক, মেহমান আগমনের রীতিনীতি, খাওয়াদাওয়ার রীতিনীতি সম্পর্কে জানতে চাইলে নিঃসন্দেহে চলচ্চিত্রটি অনবদ্য উপাদেয় হিসেবে বিবেচিত হতে বাধ্য। তবে চলচ্চিত্রটির প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। উপভোগের মানসে নিজেকে দর্শকের আসনে বসাতে হবে। হয়তো কবি সোহরাব সেপেহরি'র কবিতা পাঠ সহজ মনে হতে পারে; কিন্তু এর বিষয়গুলো আমলে নিয়ে আদেশ পালন কঠিন।
অনেকেই এই চলচ্চিত্রটি সোহরাব সেপেহরি'র 'ইয়ে হাব্বে কান্দ' (এক টুকরো চিনি) কবিতার সঙ্গে সম্পর্ক করেছেন; অথচ এই চলচ্চিত্রটির সঙ্গে কবিতাটির কোনো সম্পর্ক নেই। এমনটি ধারণা করা পুরোপুরি ভুল হবে বলেও মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা। চলচ্চিত্রটি দেখে প্রথমেই যে ধারণাটি বোদ্ধারা পাবেন, সেটি হচ্ছে পরিচালক মির কারিমি বোধহয় সূচনায় একটি সূচক শব্দ ব্যবহার করেছেন, যার শিরোনাম আমরা দিতে পারি, 'ইরানি পরিবারপ্রথার বর্তমান হালচাল'।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments