স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক তার বক্তব্যে মামুনুল হকের অতীতের একটি ঘটনা উল্লেখ করলে সরকারি ও বিরোধী দলের আপত্তির মুখে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে আবু আশফাক বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ইসলামী ব্যাংক নিয়ে সংসদে দীর্ঘ আলোচনার সমালোচনা করেন এবং পরে মামুনুল হককে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়া হলেও অতীতে আলোচিত কিছু ঘটনার ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়। এ সময় তিনি মামুনুল হককে ঘিরে ২০২১ সালের বহুল আলোচিত ঘটনার প্রসঙ্গ ও ‘মুতা বিয়ে’ সংক্রান্ত বিষয় উল্লেখ করেন।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বক্তব্যে হস্তক্ষেপ করে বলেন, সংসদে অপ্রাসঙ্গিক বিষয় আনা সমীচীন নয়। বিশেষ করে এমন কোনো ব্যক্তি সম্পর্কে অভিযোগ বা মন্তব্য করা ঠিক নয়, যার সংসদে উপস্থিত থেকে জবাব দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সাধারণত যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই, তার বিরুদ্ধে অভিযোগ তোলা সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বিষয়ে আলোচনা না করাই ভালো।
পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, মামুনুল হক সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। যেহেতু তিনি সংসদে উপস্থিত নেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও নেই, তাই বিষয়টি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত। কোনো ব্যক্তির বিষয়ে ভুল তথ্য সংসদের রেকর্ডে থাকা উচিত নয়। তাই বক্তব্যটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।
এরপর সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও অসংসদীয় ও অপ্রাসঙ্গিক অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। সবার বক্তব্য শোনার পর স্পিকার বলেন, মাওলানা মামুনুল হককে নিয়ে আলোচিত বিষয়টি সংসদের কার্যবিবরণীতে রাখার প্রয়োজন নেই। একজন রাজনৈতিক নেতার ব্যক্তিজীবনের বিতর্কিত বিষয় এখানে আলোচিত হোক, তা আমি চাই না। এ ধরনের বিষয়ে দীর্ঘ আলোচনা সংসদের মূল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং তা জনস্বার্থেও প্রয়োজনীয় নয়।
পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি আর না বাড়ানোর জন্য ইঙ্গিত দিয়েছেন বলে তিনি মনে করেন এবং এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ইসলামী শরিয়াহর আলোচনায় অতীতে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক ছিল, সেগুলোর অনেকগুলোই বর্তমানে গ্রহণযোগ্য নয় এবং নিষিদ্ধ হিসেবে বিবেচিত।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে অবস্থানকালে মাওলানা মামুনুল হক এক নারীসহ স্থানীয়দের জেরার মুখে পড়েন। তখন তিনি ওই নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ এবং ‘মুতা বিয়ে’ করেছেন বলে দাবি করেন। ঘটনাটি তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। সেই ঘটনার প্রসঙ্গই বৃহস্পতিবার সংসদে উত্থাপিত হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে সংশ্লিষ্ট মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments