জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : 27 Sep 2026
জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রধানমন্ত্রী এবারের ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। এবারের অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের ঘোষিত এবারের প্রতিপাদ্য ছিল ‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’। 


প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।


এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানানো হয়।


মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।


উচ্চপর্যায়ের সব কর্মসূচি শেষে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নিউইয়র্ক ত্যাগ করেন। সফরটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সম্পর্কিত খবর

;