১৩ রুটে ১৪টি পিংক বাস অপ্রতুল

জাতীয় সংসদীয় কমিটির বৈঠক, নারীদের জন্য আরও ১০০ বাস চালুর উদ্যোগ

প্রকাশ : 27 Sep 2026
জাতীয় সংসদীয় কমিটির বৈঠক, নারীদের জন্য আরও ১০০ বাস চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি'র সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি; লুৎফর রহমান এমপি; মোঃ রুহুল আমীন দুলাল এমপি; মোহাম্মদ আক্তারুজ্জামান এমপি; নেওয়াজ হালিমা আরলী এমপি; মোঃ রফিকুল ইসলাম খান এমপি ও মোঃ মতিয়ার রহমান এমপি অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।


বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।


বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।


বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩ টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০ টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যে সকল প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন (straight line) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ (বাহাত্তর) একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট এর বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।


বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;