ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত, টেকসই উন্নয়নে জোর

প্রকাশ : 24 Aug 2026
ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত, টেকসই উন্নয়নে জোর

স্টাফ রিপোর্টার: উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় সভা অনুষ্ঠিত হয়েছে।


আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি এফএইচ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজন করা হয়। এফএইচ বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


সোমবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


টেকসই ও জনগণকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব জোরদারের বিষয়টি দাতা ও উন্নয়ন সহযোগীদের বক্তব্যে উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মাদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর যুগ্মসচিব ড. কে এম মামুন উজ্জামান, এফএইচের এশিয়ার আঞ্চলিক পরিচালক রোমেল ফুয়ের্তে ও কান্ট্রি ডিরেক্টর বুলি হাগিদক।


এছাড়া বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এনজিও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এফএইচ অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন নেতৃত্ব ও কর্মকর্তাবৃন্দ এবং অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফোরামে অংশগ্রহণ করেন।


আলোচনায় অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতি, চলমান কার্যক্রম, অংশীদারিত্বের নতুন সুযোগ, স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পরিবর্তন সৃষ্টির কৌশল, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনায় নিজ নিজ অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমের প্রভাব সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


এফএইচের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, "পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বই বাংলাদেশে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনগণকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করার মূল চাবিকাঠি।"


এছাড়াও এফএইচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার চলমান কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি স্থানীয় অংশীদার, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।


উপস্থিত দাতা ও উন্নয়ন সহযোগীরা এফএইচ অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এফএইচ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে এ ধরনের অংশীদারিত্বমূলক প্ল্যাটফর্ম উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দুয়ার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

;