রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল, গালাগালের অভিযোগ

প্রকাশ : 09 Sep 2026
রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল, গালাগালের অভিযোগ

স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ সময় হঠাৎ করেই কিছু সময়ের জন্য সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।


আজ বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় এ ঘটনা ঘটে। 


সংসদে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, ঋণখেলাপি এবং গ্যাস-বিদ্যুৎ ও সার সংকটের মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 


বিলের আলোচনায় তিনি বিএনপি সরকারের দুর্নীতি, ৬ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি এবং বিভিন্ন সংকটের সমালোচনা করেন। এছাড়া ব্যাংক রেজোল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 


তার এমন বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা তীব্র হইচই শুরু করলে সংসদে উত্তেজনা তৈরি হয়। এ সময় রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ!’। তিনি অভিযোগ করেন, তাকে উদ্দেশ করে গালাগাল করা হয়েছে। তার এই অভিযোগের পর বিরোধী দলের কয়েকজন সদস্যও হইচই শুরু করে প্রতিবাদ জানান। 


পরে তিনি আরও বলেন, ‘মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ’। 


উল্লেখ্য, একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য ছিলেন রুমিন ফারহানা। এবার তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


সম্পর্কিত খবর

;