নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

প্রকাশ : 31 Aug 2026
নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্খিত ৯ম জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আজকের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখেই মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।


অনুমোদিত স্কেল অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:৯.৪৫ থেকে কমিয়ে ১:৭.৮ করা হয়েছে।


সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছিল। ওই প্রতিবেদনে ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা সুপারিশ করা হয়েছিল। মন্ত্রিসভা তা কিছুটা সমন্বয় করে ১ লাখ ৫৬ হাজার টাকা চূড়ান্ত করেছে।


নতুন এই পে-স্কেল চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও তা বাস্তবায়ন হবে তিন ধাপে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূল বেতনের অংশ ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে এবং বাড়িভাড়াসহ অন্যান্য ভাতাসমূহ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।


নতুন কাঠামোতে অন্যান্য আর্থিক সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, যাতায়াত ভাতা আগে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা পেলেও এখন ১০ থেকে ২০ গ্রেড পর্যন্ত দেওয়া এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ২০ হাজার টাকার কম পেনশনভোগীদের ১০০ শতাংশ, ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ এবং ৪০ হাজারের বেশি পেনশনভোগীদের ৫৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে।


মন্ত্রিসভায় অনুমোদিত গ্রেড অনুযায়ী বেতন তালিকা:


গ্রেড-১: ১,৫৬,০০০ টাকা (নির্ধারিত), গ্রেড-২: ১,৩২,০০০ - ১,৫৩,০০০ টাকা, গ্রেড-৩: ১,১৩,০০০ - ১,৪৮,৮০০ টাকা, গ্রেড-৪: ১,০০,০০০ - ১,৪২,৪০০ টাকা, গ্রেড-৫: ৮৬,০০০ - ১,৩৯,৭০০ টাকা, গ্রেড-৬: ৭১,০০০ - ১,৩৪,০০০ টাকা, গ্রেড-৭: ৫৮,০০০ - ১,২৬,৮০০ টাকা, গ্রেড-৮: ৪৭,২০০ - ১,১৩,৭০০ টাকা, গ্রেড-৯: ৪৫,১০০ - ১,০৮,৮০০ টাকা, গ্রেড-১০: ৩২,০০০ - ৭৭,৩০০ টাকা, গ্রেড-১১: ২৫,০০০ - ৬০,৫০০ টাকা, গ্রেড-১২: ২৪,৩০০ - ৫৮,৭০০ টাকা, গ্রেড-১৩: ২৪,০০০ - ৫৮,০০০ টাকা, গ্রেড-১৪: ২৩,৫০০ - ৫৬,৮০০ টাকা, গ্রেড-১৫: ২২,৮০০ - ৫৫,২০০ টাকা, গ্রেড-১৬: ২১,৯০০ - ৫২,৯০০ টাকা, গ্রেড-১৭: ২১,৪০০ - ৫১,৯০০ টাকা, গ্রেড-১৮: ২১,০০০ - ৫০,৯০০ টাকা, গ্রেড-১৯: ২০,৫০০ - ৪৯,৬০০ টাকা, গ্রেড-২০: ২০,০০০ - ৪৮,৪০০ টাকা।

সম্পর্কিত খবর

;