বরিশালে মাদক মামলায় পুলিশ হেফাজতে আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

প্রকাশ : 10 Sep 2026
বরিশালে মাদক মামলায় পুলিশ হেফাজতে আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু


রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার পথে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।পরে তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাকেরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রাম থেকে এক সন্তানের জননী নাদিয়া বেগমকে আটক করা হয়।


বুধবার সকালে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাদিয়ার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।


তবে মৃত নাদিয়ার পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, নাদিয়াকে আটকের সময় তার কাছে থাকা ইয়াবা তিনি গিলে ফেলেন।এ কারণে তিনি অসুস্থ হয়ে পরেছিলেন। ওসি আরও জানিয়েছেন, নাদিয়ার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া নাদিয়ার ছেলের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।


বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মাসুম বিল্লাহ বলেন, বাকেরগঞ্জে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চলছে। তারই অংশ হিসেবে নাদিয়া বেগমকে আটক করা হয়েছিল। আদালতে তোলার আগেই সে অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করেন।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাদিয়ার সাথে থাকা মাদক (ইয়াবা) সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;